নয়াদিল্লি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তার অভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেমিফাইনাল দু'টি মুম্বাইয়ে সরিয়ে নেয়া হয়েছে।
সেমিফাইনাল দু'টি হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে, ২১ ও ২২ এপ্রিল। আইপিএল কমিশনার ললিত মোদি বলেন, "ব্যাঙ্গালোরের নিরাপত্তার কারণে আমরা পরিকল্পনা অনুযায়ী এগুতে পারছি না।"
আগের খবরে বলা হয়, ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেমিফাইনাল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহরের পুলিশ কমিশনার বলেছেন, স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার পরই কেবল খেলার অনুমতি দেয়া হবে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের কয়েক মিটারের মধ্যে রোববার অবিষ্ফোরিত একটি বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করার পর কমিশনার শঙ্কর বিদারি একথা জানান। শনিবারের বিষ্ফোরণের পর এই বিষ্ফোরক উদ্ধার করা হয়। এতে আহত হয় আট ব্যক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২১ ঘ.
bdnews24