ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার ৩৭ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স ।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রান তোলে শচীনের নেতৃত্বাধীন দল মুম্বাই। জবাবে আট উইকেটে ১৩৭ রানে করেই থেমে যায় রাজস্থানের ইনিংস।
জয়পুরের সাঁই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই।
দলীয় ৩০ রানে জয়াসুরিয়া (১), আম্বাতি রাউদু (০) ও সৌরভ তিওয়ারিকে (১৫) হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইন্ডিয়ান্সরা। তিনটি উইকেটই নেন শেন ওয়াটসন। এজন্য তিনি খরচ করেন ৩৭ রান।
তবে অন্যপ্রাপ্তে মেরে খেলে যেতেন থাকেন অধিনায়ক শচীন। তার হার না মানা ৮৯ রানের ওপর ভর করে বড় স্কোর গড়ে মুম্বাই। এর মধ্যে ১০টি চার ও দু'টি ছয়ের মার রয়েছে। এছাড়া জেপি ডুমিনি ৩১ ও কিরন পোলার্ড করেন ২৫ রান।
একটি করে উইকেট নেন আদিত্য দোল ও সিদ্ধার্থ ত্রিবেদী।
১৭৫ রানের তাড়া করতে নেমে বেশিদূর যেতে পারেনি শেন ওয়ার্নের নেতৃত্বাধীন দল রাজস্থান। দুই ওভার চার বলেই সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব (৮), নামান ওঝা (০) ও শেন ওয়াটসন (১)। দলের রান তখন ১১।
নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান। ফলে হার মেনেই মাঠ ছাড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ অ্যাডাম ভোগস ২৮ ও অভিষেক ঝুনঝুনওয়ালা করেন ২২ রান।
চার রান দিয়ে নেন দু'টি উইকেট জহির খান। এছাড়া ধাউয়াল কুলকারনি ও কিরন পোলার্ড পান একটি করে উইকেট।
শচীন টেন্ডুলকারকে ম্যাচ সেরা হিসেবে বাছাই করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি নির্বাচকদের।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মুম্বাই। ১২ ম্যাচে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১২ (চতুর্থ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/০০৩০ ঘ.
bdnews24