ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার কিংস ইলেভেন পাঞ্জাব সাত উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান তোলে ডেয়ারডেভিলস। জবাবে আট বল হাতে রেখেই লক্ষে পৌঁছায় পাঞ্জাব, তিন উইকেটে।
শুরুটা ভালো হয়নি দিল্লির। দলীয় ৪ রানে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের (০) আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি গৌতমের দল। তবে অধিনায়ক গম্ভীর ও মিঠুন মানহাসের ইনিংস দুটির সুবাদে শতরানের কোটা অতিক্রম করে দিল্লি।
দলের পক্ষে গম্ভির ও মানহাস উভয়েই করেন ২৬ রান।
ইরফান পাঠান ২৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া পিযুষ চাওলা ১৬ রানে শিকার করেন দু'উইকেট।
জবাবে সাঙ্গাকারার ৩৩, জয়াবর্ধনের ৩৮ ও যুবরাজের অপরাজিত ২১ রানের সুবাদে জয়ের ধারা অব্যাহত রাখে প্রীতির দল।
পল কলিংউড ১৯ রানে দু'টি উইকেট নেন। একটি উইকেট পান অমিত মিশ্র।
ম্যাচ সেরা নির্বাচিত হন পিযুষ চাওলা (পাঞ্জাব)।
১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে পাঞ্জাব । এক ম্যাচ কম খেলে দিল্লির সংগ্রহ ১২ (তৃতীয়)। দশ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২০৪৫ ঘ.
bdnews24