ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়েশা সিদ্দিকিকে 'পরিত্যাগ' করায় সানিয়া মির্জার হবু বর শোয়েব মালিককে বয়কটের আহ্বান জানিয়েছেন ভারতের এক ইমাম।
কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম নূরুর রহমান বরকতি সংবাদ সম্মেলন করে ভারত ও পাকিস্তান উভয় দেশের নাগরিকদের প্রতি এ আহ্বান জানান বলে বুধবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।
বরকতি মনে করেন, পাকিস্তানি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েবের সঙ্গে বিয়ের যে দাবি ভারতের হায়দরাবাদের তরুণী আয়েশা করেছেন তা সঠিক।
তবে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার।
শোয়েব-সানিয়া বিয়ের কথা উঠতেই আয়েশা নিজেকে পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী দাবি করছেন; যদিও শোয়েব বলছেন, তিনি প্রতারণার শিকার।
বরকতি বলেন, "যদি তিনি (সানিয়া) মালিককে বিয়ে করতে চান, সেটা তার পছন্দ। শোয়েবও সানিয়াকে বিয়ে করতে পারেন, তবে তা আয়েশার সঙ্গে প্রতারণা করে নয়। তাকে অবশ্যই প্রথম স্ত্রী হিসেবে আয়েশাকে স্বীকার করে নিতে হবে।"
আয়েশা তালাক চাচ্ছেন-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইমাম বরকতি বলেন, "অপপ্রচার এবং পরিস্থিতিতে পড়ে তিনি এ কথা বলছেন।"
"ইসলামি আইনে শোয়েব তালাক না দিয়েই পুনরায় বিয়ে করতে পারেন", যোগ করেন তিনি।
বরকতি জানান, বিবাহ প্রমাণে নিকাহনামাই যথেষ্ট। ইসলামি আইনে একমাত্র বিয়ের পরই নিকাহনামা ইস্যু হতে পারে। আয়েশা যখন নিকাহনামা তুলে ধরেছেন তখন বুঝতে হবে অবশ্যই নিকাহ (বিয়ে) হয়েছে।
তিনি বলেন, "আমি উভয় দেশের নাগরিক সমাজের প্রতি শোয়েব মালিককে 'বয়কট'র আবেদন জানাচ্ছি। আয়েশাকে এভাবে পরিত্যাগ করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না।"
এ বিয়ে নিয়ে শোয়েবের কথা-বার্তাও স্পষ্ট নয়। প্রথমে তিনি বিয়ের কথা অস্বীকার করলেও পরবর্তী সময়ে টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়েছে বলে স্বীকার করেন। তবে আয়েশার সঙ্গে তার কখনো দেখা হয়নি বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গ তুলে বরকতি বলেন, টেলিফোনের মাধ্যমেও যদি বিয়ে হয়ে থাকে তবুও তা বৈধ।
'দ্য অল বেঙ্গল মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অ্যান্ড কাজি সোসাইটি'ও উদ্ভূত পরিস্থিতিকে 'ভুল' আখ্যা দিয়ে শোয়েব মালিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।
শোয়েব বর্তমানে হায়দরাবাদে হবু স্ত্রীর বাড়িতে রয়েছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার ভারত ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১৫১৮ ঘ.
bdnews24