নাগপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে শেন ওয়ার্নের ঘূর্ণিতে ডেকান চার্জার্সকে ২ রানে হারিয়েছে শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালস।
এই জয়ের ফলে ১০ খেলায় ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরলো রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় তারা এখন চতুর্থ স্থানে।
নাগপুরে সোমবার রাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে রান করে ১৫৯।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯ ওভার ৫ বলে ১৫৭ রানে গুঁটিয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন ডেকানের ইনিংস।
ম্যাচের তৃতীয় ওভারে আরপি সিংয়ের বলে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব (১৫ ) ও নামান ওঝাকে (১) হারিয়ে বিপদে পড়ে রাজস্থান।
তবে বিপদ থেকে দলকে টেনে তোলেন শেন ওয়াটসন ও ফাইজ ফজল। ওয়াটসন ৩৬ বলে ৫৮ রান করেন। ফজল করেন ৩৬, ২৯ বলে। এরপর অবশ্য অভিষেক ঝুনঝুনওয়ালা (১১) ছাড়া আর কেউই দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারেননি।
আরপি সিং তিন উইকেট নেন ১৭ রানে। হারমিত সিং ২৫ রানে নেন দুই উইকেট।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভিভিএস লক্ষ্মণের উইকেট হারালেও অ্যাডাম গিলক্রিস্ট ও রহিত শর্মার ব্যাটিংয়ের সুবাদে ভালভাবেই লক্ষ্যের দিকে এগুচ্ছিল ডেকান। তবে ওয়ার্নের স্পিনের ভেল্কিতে ৪ উইকেটে ১১২ রান থেকে ডেকানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৩৯।
শেষ ওভারে জয়ের জন্য ডেকানের দরকার ছিল ৬ রান, রাজস্থানের ৩ উইকেট।
সিদ্ধার্থ ত্রিবেদীকে উড়িয়ে মারতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে রহিত শর্মা আউট হলে ২ রানের নাটকীয় জয় পায় রাজস্থান।
ত্রিবেদী ১৬ রানে ৩ উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচনের জন্য রাজস্থান অধিনায়ক ওয়ার্নকে বেঁছে নিতে খুব একটা ভাবতে হয়নি নির্বাচকদের। ৪ উইকেট নেন তিনি মাত্র ২১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এজে/টিআর/১৫৩৮ ঘ.
bdnews24