মুম্বাই, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স ৬৩ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে লিগের ৩৩তম ম্যাচে শনিবার রাতে টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৮ রান, ৫ উইকেটে। জেতার জন্য ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ডেকান চার্জার্সের ইনিংস গুটিয়ে যায় ১১৫ রানে। তখনো খেলার বাকি ছিল এক ওভার চার বল।
অধিনায়ক শচীন টেন্ডুলকার ২৫ বলে ৩৫ রান করে রাহুল শর্মার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। সোরাব তিওয়ারি ৪৪ রান করে প্রজ্ঞান ওঝার বলে রায়ান হ্যারিসের হাতে ধরা পড়েন, খেলেছেন ৩৫ বল।
ইনিংসের শেষের দিকে আমবতি রায়ুদু ঝড়ো ৫৫ ও কিরন পোলার্ড মাত্র ১০ বলে ২১ রান করলে বড় স্কোরই পায় মুম্বাই।
প্রজ্ঞান ওঝা ২৬ রানে নেন ৩ উইকেট।
জয়ের লক্ষ তাড়া করতে নেমে কিছুক্ষণ পরপর উইকেট হারাতে থাকে ডেকান চার্জার্স। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৮ বলে ২১ রান করেন অ্যান্ড্রু সাইমন্ডস। এছাড়া ১৪ বলে ১৯ রান করেন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও হার্শেল গিবস ১৫ বলে করেন ১৭।
জহির খান দুই উইকেট নেন ১০ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন হরভজন সিং, পোলার্ড ও রায়ান ম্যাকলারেন। এ জন্য হরভজনের খরচ হয় ১৬ রান, পোলার্ড দেন ২৬ রায়ান ম্যাকলারেন ২৮।
ম্যাচ সেরা হন আমবতি রায়ুদু (মুম্বাই ইন্ডিয়ান্স)।
মুম্বাই ইন্ডিয়ান্স ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়ে গেছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ডেকান চার্জার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৪৭ ঘ.
bdnews24