ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ২৩ রানে হারিয়েছে শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে।
মুরালি বিজয়ের শতকে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৪৬ রান তোলে চেন্নাই। জবাব দিতে গিয়ে ৫ উইকেটে ২২৩ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস।
এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও ম্যাথু হেইডেন ভাল শুরু এনে দেন চেন্নাইকে। দলীয় ৬২ রানে শ্রীকান্তের বলে ওয়াটসনের হাতে ধরে পড়ে সাজঘরে ফেরেন হেইডেন (৩৪)। দলীয় ইনিংসে আরো ২১ রান যোগ হতেই তার সঙ্গী হন সুরেশ রায়না (১৩)।
কিন্তু অন্য প্রান্তে মেরে খেলে যেতে থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়। ওয়াটসনের বলে ফায়েজ ফজলের হাতে ক্যাচ তোলে দেয়ার আগে করেন ১২৭ রান। ৫৬ বলে ৮ চার ও ১১ ছয়ের সাহায্যে এ রান করেন তিনি।
তাকে ভালই সঙ্গ দিচ্ছিলেন অ্যালবি মর্কেল। সুমিত নারওয়ালের সরাসরি থ্রোতে আউটের আগেই মর্কেল দলের ইনিংসে ৬২ রান যোগ করেন। তিন চার ও পাঁচ ছয়ের সাহায্যে।
দু'টি উইকেট নেন শেন ওয়াটসন ৪৭ রান দিয়ে। এছাড়া একটি করে উইকেট পান শ্রীকান্ত ও শেন ওয়ার্ন।
২৪৭ রানের তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান নামান ওঝার ব্যাটিংয়ে জয়ের স্বপ্নই দেখছিল রাজস্থান রয়্যালস। তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্প (৩৭) ও ইউসুফ পাঠান (৪) দ্রুতই ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে রয়্যালস।
এরপরও শেন ওয়াটসন ও ওঝার ব্যাটিংয়ে জয়ের আশা জিইয়ে রাখে শিল্পার দল। তবে গন্তব্যে পৌঁছার আগেই থেমে যায় তাদের গাড়ি।
ওঝা ৫৫ বলে ৮ চার ও ৬ ছয়ের সাহায্যে করেন অপরাজিত ৯৪ রান। এছাড়া ওয়াটসন করেন ৬০ রান।
দু'টি করে উইকেট নেন মর্কেল ও ডোগ বোলিঙ্গার। এছাড়া একটি উইকেট পান মুরালিধরন।
ম্যাচ সেরা হন মুরালি বিজয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২০১৫ ঘ.
bdnews24