২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের ব্যাট হাসলো, জয় পেলো কলকাতা

সৌরভ গাঙ্গুলির ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 08:44 AM

Updated : 24 Aug 2022, 08:07 PM

কলকাতা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌরভ গাঙ্গুলির ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্স ২৪ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে কলকাতা। জবাবে ৫ উইকেটে ১৫৭ রান তুলতে পারে ডেকান চার্জার্স। কলকাতার ইডেন গার্ডেনে বৃহস্পতিবার আইপিএলের ৩০তম ম্যাচে সৌরভ ৫৪ বলে ৮৮ রান করেন। তার এ ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কার মার ছিলো। এছাড়া ডেভিড হাসি ২৭ বলে ৩১ এবং প্রশান্ত সাহা ৪ বলে অপরাজিত ১০ রান করেন। ডেকান চার্জার্সের পক্ষে অ্যান্ড্রু সায়মন্ড, প্রজ্ঞান ওঝা ও জাসকারান সিং ২টি করে উইকেট পান। ১৮২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হার্শেল গিবসের ব্যাটিংয়ে ভালভাবেই এগিয়ে যাচ্ছিলো ডেকান চার্জার্স। শেন বন্ডের শিকার হওয়ার আগে ৪৫ বলে ৫০ রান করেন তিনি। এরপর অ্যান্ড্রু সায়মন্ড প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৭ রানেই আটকে যায় ডেকান ইনিংস। সায়মন্ড ৩৭ বলে ৪৫ রান করেন। মিশ্র ১৬ বলে ২৯ রান করেন। ম্যাচ সেরা হন সৌরভ। এ জয়ের ফলে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। আর ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/কেএমএস/এমআই/১১৪০ঘ.