২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের বিপক্ষে দিল্লির জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস ৬৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 07:21 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

দিল্লি, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস ৬৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। ফিরোজ শাহ কোটলায় বুধবার রাতে ২৯তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান তোলে, ৬ উইকেটে। জেতার জন্য ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেন ওয়ার্নের দল রাজস্থান রয়্যালসের ইনিংস গুটিয়ে যায় ১২১ রানে। পুরো ২০ ওভারও খেলতে পারেনি। খেলেছে ১৭ ওভার ৪ বল। দিল্লির পক্ষে সবচেয়ে বেশি ৩৮ বলে ৬৯ রান করেন দিনেশ কার্তিক। অধিনায়ক গৌতম গাম্ভীর ৩৭ বলে ৪৩ রান ও বীরেন্দ্র শেবাগ করেন ১৯। আগের খেলায় শতক হাঁকালেও এই ম্যাচে মোটেও সুবিধা করতে পারেননি ডেভিড ওয়ার্নার। রান করেন মাত্র ৪। সুমিত নারওয়াল ৩৬ রানে ৩ উইকেট নেন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারালে রাজস্থানের হার নিশ্চিত হয়ে যায়। কোনো ব্যাটসম্যানই ৩০-এর ঘরে যেতে পারেননি। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৪ বলে ২৭ রান করেন নামান ওঝা। এছাড়া ইউসুফ পাঠান ১৪ বলে ২৪ ও পারাস ডগ্রা ২০ রান করেন। অমিত মিশ্র ৩ উইকেট নেন, ২৫ রানে। পারভেজ মোহারুফ ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন দিনেশ কার্তিক (দিল্লী ডেয়ারডেভিলস)। দিল্লি ডেয়ারডেভিলস ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে চার নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬২০ ঘ.