হ্যামিল্টন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিচেল জনসনের বোলিং তোপে দ্বিতীয় টেস্টেও হার মানতে হয়েছে নিউজিল্যান্ডকে। ৪৭৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্বিতীয় দফায় নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৩০২ এ। ফলে হার মানতে হয় ১৭৬ রানে।
সেই সঙ্গে দুই টেস্টের সিরিজের দু'টিই জিতে নিলো অস্ট্রেলিয়া।
সেডন পার্কে পঞ্চমদিন বুধবার দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৮৫ রান নিয়ে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম দলের সঙ্গে যুক্ত করেন আরো ৫৪ রান। দলীয় ২৩৯ রানের মাথায় ম্যাককালাম বোলিঙ্গারের বলে সাজঘরের পথ ধরার আগে তার ১৯ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৫১ তে। সেই সঙ্গে আদায় করে নেন টেস্ট জীবনের ১৭তম অর্ধ-শতক। দড়ির ওপারে বল পাঠিয়েছেন ৯ বার।
গুপটিল ২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ধীরে-সুস্থে এগুতে থাকেন। ফিরে যান তিনি ২৭৩ রানের মাথায়। অবশ্য তার আগে টেস্ট জীবনে নিজের চতুর্থ অর্ধ-শতক হাঁকান তিনি। ২০৪ মিনিট ব্যাট করে রান করেন ৫৮। তার ১৫৭ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। এর আগে ২৪৯ রানের মাথায় অবশ্য বিদায় নেন জিতেন প্যাটেল (৩)।
শেষের দিকে ঝড়ের গতিতে রান তোলেন টিম সুথি। শেষ ব্যাটসম্যান হিসেবে জনসনের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়ার আগে মাত্র ২৫ বলে করেন ৪৫। সীমানার ওপারে বল পাঠান সাতবার, একবার হাওয়ায় ভাসিয়ে।
মিচেল জনসন তার ক্রিকেট জীবনে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট নেন, ১৩২ রানে। প্রথম দফায় ৪ উইকেট নিয়েছিলেন ৫৯ রানে। বাকি ৬ উইকেট নেন দ্বিতীয় দফায় ৭৩ রানে। এছাড়া ডোগ বোলিঙ্গার নেন ২ উইকেট, ৮৭ রানে।
অস্ট্রেলিয়ার প্রথম দফার ২৩১ রানের জবাবে ২৬৪ রান তুললে নিউজিল্যান্ড এগিয়ে যায় ৩৩ রানে। কিন্তু দ্বিতীয় দফায় ৮ উইকেটে ৫১১ তুলে দান ছেড়ে দেয় অস্ট্রেলিয়া। ফলে অসিরা এগিয়ে যায় ৪৭৮ রানে।
এর আগে সবচেয়ে বেশি ৭ উইকেটে ৪১৮ রান তাড়া করে জিতেছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জোন্সের রিক্রিয়েশন গ্রাউন্ডে ২০০২-০৩ মৌসুমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৪ ঘ.
bdnews24