দিল্লী, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৬তম ম্যাচে সোমবার রাতে দিল্লী ডেয়ারডেভিলস ৪০ রানে হারিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে।
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লী ডেয়ারডেভিলস টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইনিংস গড়ে ১৭৭ রানের, ৪ উইকেট হারিয়ে। জবাবে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স থেমে যায় ১৩৭ রানে। যদিও তাদের হাতে ছিল এক উইকেট।
দলীয় ৯ রানের মাথায় ভিরেন্দর শেবাগ (৮রান) আউট হলে গাম্ভীরের দল কিছুটা বিপদে পড়ে যায়। পরে ডেভিড ওয়ার্নার ও কোলিংউড ছন্দময় ব্যাটিংয়ের মাধ্যমে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়।
কোলিংউড নিজের থলিতে ৫৩ রান যোগ করেন, ৪৫ বল খরচ করে। তিনি সাজঘরে ফেরেন ল্যাঙ্গাভেল্টের বল ব্যাটে লাগিয়ে হাসির হাতে তুলে দিয়ে।
ডেভিড ওয়ার্নার খেলেন হার না মানা ১০৭ রানের ইনিংস ৭টি চার ও ২টি ছয়ের সুবাদে, ৬৯ বল খেলে।
চার্ল ল্যাঙ্গাভেল্ট পান ২ উইকেট, ৩৫ রান দিয়ে। ক্রিস গেইল দেন ৩৮ রান ও ইশান্ত শর্মা দেন ১৭ রান। উভয়ে লাভ করেন ১ টি করে উইকেট।
সৌরভ গাঙ্গুলীর দল কলকাতার ব্যাটসম্যানরা তেমন ভালো খেলা দেখাতে পারেনি। সব চেয়ে বেশি রান করেন ক্রিস গেইল, ২১ বলে করেন ৩০ রান। তিনি ভাটিয়ার বলে অমিত মিশ্রার হাতে ক্যাচ তুলে নিজেকে গুটিয়ে নেন।
হাসি ৩২ বলে ২৯ রান করে উমেশ যাদবের বলে গাম্ভীরের হাতে ধরা পড়েন।
ম্যাকডোনাল্ড রান খরচ করেন ৩৭ আর উমেশ যাদব দেন ২৭ রান। তাদের ঝুলিতে জমা পড়ে ২ টি করে উইকেট ।
দিল্লী ডেয়ারডেভিলস ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স রয়েছে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।
ম্যাচ সেরা হন দিল্লীর শেন ওয়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১৫৫ ঘ.
bdnews24