করাচি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।
অস্ট্রেলিয়া সফরে একটি খেলাতেও জিততে না পারার পর দলের মধ্যে বিশৃঙ্খল ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইউসুফকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন। এর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেন তিনি।
করাচিতে এক সংবাদ সম্মেলনে সাবেক মিডল-অর্ডার ব্যাটসম্যান বলেন, "পিসিবি থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়েছে যে আমি থাকলে দলের ক্ষতি হবে। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলাম।"
সাবেক অধিনায়ক ১২ বছরের ক্রিকেট-জীবনে তাকে সমর্থন দেওয়ার জন্য তার ভক্ত, সিনিয়র খেলোয়াড় এবং আত্মীয়-স্বজনকে ধন্যবাদ জানান।
ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "আমি সব সময় আমার দেশের জন্য খেলেছি। যদি আমি থাকলে দলের ক্ষতি হয়, তাহলে আমি খেলতে চাই না।"
ইউসুফ গত সপ্তাহে অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তখনই তিনি বলেন, এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সোমবার।
ইউসুফ ৮৮টি টেস্টে সাত হাজারেরও বেশি রান করেছেন, গড় ৫৩.০৭। আর কোনো পাকিস্তানি ক্রিকেটারের গড় এত ভালো নয়। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩৯টি শতক হাঁকান। এর মধ্যে ২৪টিই করেছেন টেস্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৮ ঘ.
bdnews24