ইসলামাবাদ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এজন্য প্রস্তুতিও নিয়েছেন তিনি।
কিন্তু কেন? এর উত্তরে ক্রিকইনফো বলছে, অস্ট্রেলিয়া সফরে মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পাকিস্তান একটি ম্যাচও জিততে পারেনি। এজন্য তার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণ ও শাস্তি হিসেবে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ দেয়ার সিদ্ধান্ত হয়তো মেনে নিতে পারেননি মোহাম্মদ ইউসুফ।
অস্ট্রেলিয়া সফরে সাতটি খেলাতেই হারে পাকিস্তান। এর মধ্যে তিনটি টেস্ট ও চারটি একদিনের খেলা রয়েছে।
এ ব্যাপারে পিসিবি গঠিত তদন্ত প্রতিবেদনে বল হয়, দলের মধ্যে দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ইউসুফকে নিষিদ্ধ করা হয়। বাদ যাননি সাবেক অধিনায়ক ইউনিস খানও। এ বছর পিসিবি ইউসুফের সঙ্গে কোনো চুক্তিও করেনি।
গত বছর আবুধাবিতে একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হার মানার পর পাকিস্তান দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ইউনিস খান। সেই সময় দলের লাগাম তুলে দেয়া হয় মোহাম্মদ ইউসুফের হাতে।
উর্দু দৈনিক জংকে ইউসুফ বলেন, তিনি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার এই সিদ্ধান্তের পেছনে কোনা আবেগ নেই। বরং পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
করাচিতে সোমবার সংবাদ সম্মেলনে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করবেন ইউসুফ। ধারণা করা হচ্ছে সে সময় এর কারণও ব্যাখ্যা করবেন তিনি।
ইউসুফ ৮৮ টেস্টে রান করেছেন সাত হাজারেরও বেশি। গড় ৫৩.০৭ । আর কোনো পাকিস্তানি ক্রিকেটারের গড় এতটা ভালো নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৩২ ঘ.
bdnews24