আহমেদাবাদ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ডেকান চার্জার্স তোলে ১৪৮ রান, ৯ উইকেট হারিয়ে। জেতার জন্য ১৪৯ রানের লক্ষ্য টপকে ১৫১ রানে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস, ২ উইকেটে। তখনো হাতে ছিল ২৬ বল।
আইপিএল'র ২২তম ম্যাচে শুক্রবার রাতে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের দল ডেকান চার্জার্স তার দেশি শেন ওয়ার্নের দল রাজস্থান রয়্যালসকে ফিল্ডিংয়ে পাঠান।
গিলক্রিস্ট প্রথম ওভারে মাত্র ১ রান করে নারওয়ালের বলে ইউসুফ পাঠানের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরলে বিপদে পড়ে তার দল।
কিন্তু দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হার্শেল গিবস ও অস্ট্রেলিয়া দলের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস প্রাথমিক এই ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতে আবারো বিপদে পড়ে ডেকান চার্জার্স। ৫৮ রানের মাথায় গিবস উইকেট থেকে বেরিয়ে গিয়ে শেন ওয়ার্নকে খেলতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি। বেল ফেলে দিতে এক মুহূর্তও দেরি করেননি উইকেটরক্ষক। মাত্র ১৪ বলে ২৫ রান করেন গিবস। তখন দলের রান ছিল ৫৮, তিন উইকেটে।
সাইমন্ডস ২২ করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হয়ে দলীয় ৭১ রানের মাথায় সাজঘরের পথ ধরলে বিপদ রীতিমতো ঘাড়ে চেপে বসে ডেকানের। রোহিত শর্মা ৩৫ বলে দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৯ রান করেন। মূলত তার এই ইনিংসের সুবাদে দেড় শ'র কোঠায় পৌঁছে ডেকানের রান।
অস্ট্রেলিয়ার খেলোয়াড় শন টেইট ৩ উইকেট নেন ২২ রানে। নারওয়াল নেন ২ উইকেট, ৩৫ রান দিয়ে।
ব্যাট করতে নেমে অত্যন্ত সহজেই রাজস্থান জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৪ বলে ৭৩ রান করেন ইউসুফ পাঠান। এছাড়া মিচেল লুম্ব করেন ৩২ বলে ৪৫।
এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো।
ম্যাচ সেরা হন রাজস্থান রয়্যালসের ইউসুফ পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬১৪ ঘ
bdnews24