২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড

ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় দফায় (ইনিংস) তুলেছে ৫ উইকেটে ১৮৭। এর আগে প্রথম দফা গুটিয়ে যায় মাত্র ১৫৭ রানে। ফলে ইনিংস পরাজয় এড়াতে কিউইদের দরকার আরো ১১৫ রান। হাতে উইকেট আছে পাঁচটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 01:41 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ওয়েলিংটন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় দফায় (ইনিংস) তুলেছে ৫ উইকেটে ১৮৭। এর আগে প্রথম দফা গুটিয়ে যায় মাত্র ১৫৭ রানে। ফলে ইনিংস পরাজয় এড়াতে কিউইদের দরকার আরো ১১৫ রান। হাতে উইকেট আছে পাঁচটি। অস্ট্রেলিয়া প্রথম দফায় (ইনিংস) ৫ উইকেটে ৪৫৯ রান তুলে দান ছেড়ে দেয়। বেসিন রিজার্ভে রোববার নিউজিল্যান্ড ৪ উইকেটে ১০৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি তার ৪২ রানের ইনিংসটিকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলীয় ১১২ রানের মাথায় ৪৬ রান করে রায়ান হ্যারিসের বলে অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। ১৪৮ রানের মাথায় ডোগ বোলিঙ্গারের বলে ব্রেন্ডন ম্যাককালাম (২৪) হ্যারিসের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরার পরই রীতিমতো মোড়ক লাগে ইনিংসে। আর মাত্র ৯ রান তুলতেই বাকি চার উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। তাই প্রথম পালা থেমে যায় ১৫৭ রানে। ফলো-অন এড়ানো-ও সম্ভব হয়নি নিউজিল্যান্ডের পক্ষে। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে বোলিঙ্গার ৫ উইকেট নেন, ২৮ রানে। ৪২ রানে দুই উইকেট নেন হ্যারিস। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও টিম ম্যাকিনটোস। বোলিঙ্গারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৩৩ রানে ফিরে যান ওয়াটলিং। সেই সঙ্গে উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরে ৭০ রানের মাথায়। দলের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ হতেই বিদায় নেন তিন নম্বর ব্যাটসম্যান পিটার ইনগ্রাম (১)। তবে খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাকিনটোস। মূলত তাকে ঘিরেই গড়ে ওঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১১৫ রানের মাথায় নাথান হরিটজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন রস টেলর। ২৬ বলে ২৫ রান করেন তিনি, তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে। সুবিধা করতে পারেননি মার্টিন গুপটিলও। মাত্র ৬ রান করেন। তবে খেলেছেন ৩৬ বল। ভেট্টোরি অপরাজিত রয়েছেন ১৮ ও ম্যককালাম ৪ রানে। অসি বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন বোলিঙ্গার ও হরিটজ। এজন্য বোলিঙ্গার খরচ করেন ৩০ রান। হরিটজ দেন ৭৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৪ ঘ.