২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ছে ইংল্যান্ড

জোনাথন ট্রটের অর্ধ-শতকের ওপর ভর করে বাংলাদেশের চাপ কাটিয়ে উঠতে লড়ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে রান তুলেছে ১৭১, তিন উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 07:27 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোনাথন ট্রটের অর্ধ-শতকের ওপর ভর করে বাংলাদেশের চাপ কাটিয়ে উঠতে লড়ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে রান তুলেছে ১৭১, তিন উইকেটে। উইকেটে আছেন জোনাথন ট্রট ৬৪ রান নিয়ে। ১৮৭ বল খেলে চার মেরেছেন সাতটি। অন্য অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল করেছেন ৫২ বলে ২৫। এর আগে লেজের দিকের ব্যাটসম্যান স্পিনার নাঈম ইসলামের অপরাজিত (৫৯*) ও পেসার শফিউল ইসলামের অর্ধ-শতকের সুবাদে বড় স্কোরই করে বাংলাদেশ। প্রথম ইনিংস থামে ৪১৯ রানে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন রোববার বাংলাদেশের প্রথম পালার (ইনিংস) জবাব দিতে নেমে অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যাটিং শুরু করেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রট। মধ্যাহ্ন-বিরতিতে যান বিনা উইকেটে ৪ রান নিয়ে। স্বচ্ছন্দের সঙ্গে খেলতে পারছিলেন না দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কেউই। পরে অবশ্য ছন্দ খুঁজে পান ট্রট। আদায় করে নেন টেস্ট জীবনের দ্বিতীয় অর্ধ-শতক, ১৪৭ বলে ছয়টি চারের সাহায্যে। চতুর্দশ ওভারে অধিনায়ক অ্যালিস্টার কুক আউট হয়ে সাজঘরে ফেরেন ২১ রান করে। বারবার সুইপ করছিলেন কুক। এ অবস্থায় ফাঁদ পাতেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বোলার আব্দুর রাজ্জাক। মিড-উইকেট অঞ্চলে পাঠান ইমরুল কায়েসকে। সেই ফাঁদে পা-ও দেন কুক। সুইপ করেন। বল উঠে যায় আকাশে। কয়েক পা এগিয়ে এসে বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি ইমরুলের। তখন দলের রান ছিল ২৯। এ অবস্থায় দলের হাল ধরে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ট্রট ও কেভিন পিটারসেন। এ কাজে কিছুটা সফলও হন তারা। দলের সঙ্গে যুক্ত করেন তারা ৭৬। দলীয় ১০৫ রানের মাথায় সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে পিটারসেন করেন ৪৫। তার ৯৯ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। পিটারসেনকে আগেই উইকেট থেকে বেরিয়ে আসতে দেখে কিছুটা জোরের সঙ্গে শর্টে বল ফেলেন সাকিব। ব্যাটও চালান পিটারসেন। কিন্তু কানায় লেগে বল উঠে যায় শর্ট-কভারে। ঠিকানা খুঁজে পায় ইমরুলের হাতে। কিন্তু বিপদ কাটতে না কাটতে আবারো বিপদে পড়ে ইংল্যান্ড, পল কলিংউডের উইকেটটি হারিয়ে। হিসেবের খাতা খোলার আগে রুবেল হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। আড়াআড়িভাবে খেলতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় প্যাডে না লাগলে বলটি কলিংউডের লেগ-স্ট্যাম্প ভেঙ্গে দিত। আবারো বেলকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামতে হয় ট্রটকে। দলের সঙ্গে ৬৪ রান যোগ করেন তারা। সেই সঙ্গে দলের বিপর্যয় রোধে কিছুটা হলেও সফল হয় এই জুটি। অন্তত লড়াই করার মতো অবস্থায় নিয়ে যায় দলকে। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক, সাকিব ও রুবেল। এজন্য সাকিবের খরচ হয় ২৬ রান, রুবেল দেন ৩৭ আর ৬৯ রান দেন রাজ্জাক। এর আগে ৮ উইকেটে ৩৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাইম ইসলাম ৩৩ রান নিয়ে। আর ৮ রান নিয়ে খেলা শুরু করেন শফিউল ইসলাম। স্পিনার হিসেবে পরিচিত নাঈম ইসলাম ইংল্যান্ডের আক্রমণকে উড়িয়ে দিয়ে আদায় করে নেন অর্ধ-শতক। ১৭২ বলে করেন অপরাজিত ৫৯। চার মেরেছেন ৮টি। তিনি তার টেস্ট জীবনের প্রথম অর্ধ-শতকে পৌঁছান ১৫০ বলে, ৬টি চারের সাহায্যে। নাইম নিখুঁত টেস্ট ইনিংস খেললেও পেসার হিসেবে পরিচিত শফিউল ইসলাম ঝড় তোলেন অপর প্রান্তে। মাত্র ৫১ বলে রান করেন ৫৩। দড়ির ওপারে বল পাঠিয়েছেন ১১ বার। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে রুবেল হোসেন করেন ১৭। তখন অপর প্রান্তে নাইম, সঙ্গীহারা। বাংলাদেশের রানও ছাড়িয়ে যায় চার শ'র কোঠা। টেস্ট ম্যাচের এক ইনিংসে এটিই বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮৮ রানই বাংলাদেশের সর্বোচ্চ। পরের বছর ফতুল্লায় দ্বিতীয় সর্বোচ্চ ৪২৭ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নবম উইকেট জুটিতে দেশের পক্ষে নতুন রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিলেন নাঈম ও শফিউল। ব্যক্তিগত ৫৩ রানে শফিউল আউট হয়ে গেলে ৭৪ রানে ভাঙ্গে তাদের জুটি। নবম উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান তোলেন মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন, ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৮৫ রান করেন তামিম ইকবাল। ৭১ বল খেলে চার মেরেছেন ১৩টি। হাওয়ায় ভাসিয়ে সীমানা পার করেছেন একবার। অর্ধ-শতক করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও, ১২৩ বলে ৫৯ রান করেন তিনি। মাত্র ১ রানের জন্য অর্ধ-শতক বঞ্চিত হন সাকিব। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৩৯ এবং মুশফিকুর রহিম করেন ৩০। সফরকারী ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট নেন গ্রায়েম সোয়ান, ১১৪ রানে। এছাড়া দু'টি করে নেন জেমস ট্রেডওয়েল ও টিম ব্রেসন্যান। এজন্য ব্রেসন্যানের খরচ হয় ৫৭ রান। ট্রেডওয়েল দেন ৯৯। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৬০৮ ঘ.