ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দিকের খেলোয়াড়দের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের রান চারশ ছাড়িয়েছে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার মধ্যাহ্ন বিরতির আগে ৪১৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
স্পিনার নাঈম ইসলাম ও পেসার শফিউল ইসলামের জোড়া অর্ধশতক বাংলাদেশের এ ইনিংস গড়তে মূল ভূমিকা রেখেছে।
এক ইনিংসে এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮৮ রান এখনো শীর্ষ স্থানে রয়েছে। পরের বছর ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৪২৭ রান দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
নবম উইকেট জুটিতে দেশের পক্ষে নতুন রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিলেন নাঈম ও শফিউল। ব্যক্তিগত ৫৩ রানে শফিউল আউট হয়ে গেলে ৭৪ রানে থেমে যায় তাদের পার্টনারশিপ।
নবম উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেনের। ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৭৭ রান তুলেছিলেন তারা।
নাঈম অপরাজিত থাকেন ৫৯ রানে, ১৭২ বল খেলে এ রান করতে আটটি বাউন্ডারি হাঁকান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে রুবেল হোসেন করেন ১৭ রান।
বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ৮৫; ৭১ বল খেলে ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে এ রান করেন তিনি। অর্ধশতক করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও, ১২৩ বলে ৫৯ রান করেন তিনি।
মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৩৯ এবং মুশফিকুর রহীম ৩০ রান করেন।
সফরকারী ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট নিয়েছেন সোয়ান। দুটি করে নিয়েছেন ট্রেডওয়েল ও ব্রেসনান।
বাংলাদেশের ইনিংস শেষে ইতিমধ্যে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে মেনেশে ইংল্যান্ড। ৫ ওভার শেষে তাদের রান ৪। খেলছেন ক্রুক ও টর্ট।
২ টেস্টের বেক্সিমকো সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৩০ ঘ.
bdnews24