ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজায় পর্দা উঠতে যাচ্ছে পোর্ট সিটি লিগ (পিসিএল)-এর দ্বিতীয় আসরের।
পিসিএল ফাউন্ডেশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদেশের মাটিতে বাংলাদেশের এই ক্রিকেট টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে চট্টগ্রাম মোহামেডান খেলবে টপ স্পোর্টস নোয়াখালীর বিপক্ষে। আর বাংলাদেশ বিমানের মুখোমুখি হবে ঢাকা স্পোর্টস ক্লাব।
বাংলাদেশের ৭টি ও ভারতের একটিসহ মোট ৮টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেয়া হবে এক লাখ ডলার। রানার-আপ পাবে ৩০ হাজার ডলার। এছাড়া ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেয়া হবে।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্র"প। খেলা প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৩ ঘ.
bdnews24