ওয়েলিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয়দিন শনিবার ৫ উইকেটে ৪৫৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। পরে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে নিউজিল্যান্ড করেছে ১০৮। ফলে সফরকারীরা এখনো এগিয়ে আছে ৩৫১ রানে।
বেসিন রির্জাভে আগেরদিনের ৩১৬ রান নিয়ে প্রথম টেস্টে দ্বিতীয় দিন শনিবার ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও মার্কাস নর্থ। ধীর-স্থিরভাবে নিউজিল্যান্ডের বোলারদের মোকাবেলা করে রানের চাকা সচল রাখেন তারা।
পঞ্চম উইকেট জুটিতে ক্লার্ক ও নর্থ ২৫৩ রানের বিশাল একটি জুটি গড়ে তোলেন। এটিই পঞ্চম উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের জুটি। এই জুটি গড়ে তোলার পথে ক্লার্ক টেস্ট জীবনের ত্রয়োদশ ও নর্থ চতুর্থ শতক আদায় করে নেন।
মধ্যাহ্ন বিরতির পর মেরে খেলা শুরু করেন ক্লার্ক। ড্যানিয়েল ভেট্টোরির বল উইকেট থেকে বেরিয়ে গিয়ে খেলেন তিনি। কিন্তু বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। জায়গায় ফেরার আগেই উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালাম ক্লার্কের উইকেট ভেঙ্গে দেন। ৩৬৪ মিনিটে খেলে দলকে বড় স্কোরের পথে নেতৃত্বে দেন তিনি। ২২টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেন ১৬৮ রান।
এরপর আর কোনো উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং যখন ইনিংস ঘোষণা করেন তখন মার্কাস নর্থ অপরাজিত ছিলেন ১১২ রানে। ব্র্যাড হাডিন করেন ১১ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় তিন রানের মাথায় ডোগ বোলিঙ্গারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াল্টিং (০)। সেই সঙ্গে শুরু নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের। অপর উদ্বোধনী ব্যাটসম্যান টিম ম্যাকইনটোস (৯) সাজঘরের পথ ধরেন রায়ান হ্যারিসের বলে মাইক হাসির হাতে ধরা পড়ে।
দুর্ভাগ্য নিউজিল্যান্ডের। দ্রুত রান নিতে চেষ্টা করেন পিটার ইনগ্রাম (৫)। কিন্তু জায়গায় পৌঁছানোর আগে জনসনের সরাসরি বল নিক্ষেপে উইকেট ভেঙ্গে যায় ইনগ্রামের। বোলিংঙ্গারের বলে রস টেলর (২১) নর্থের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৪৩ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
এ অবস্থায় হাল ধরেন অধিনায়ক ড্যানিয়ের ভেট্টোরি ও মার্টিন গুপটিল। দলের রানের সঙ্গে যোগ করেন তারা ৬৫। ফলে নিউজিল্যান্ডের রান এক শ'র কোঠা পেরিয়ে যায়। ভেট্টোরি ৪২ ও মার্টিন গুপটিল ১৯ রানে অপরাজিত আছেন।
ফলো-অন এড়াতে এখনো ১৫১ রান বাকি। হাতে আছে ছয় উইকেট। তাই এই জুটির ওপর নির্ভর করছে নিউজিল্যান্ডের ভাগ্যের অনেকটা। ইদানিং বল তো বটেই ব্যাট হাতেও ভালো খেলছেন ভেট্টোরি।
বোলিঙ্গার দুটি উইকেট নেন ২১ রানে। এছাড়া ২৩ রানে একটি উইকেট নেন হ্যারিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৬৫৬ ঘ.
bdnews24