ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই জয়ের পর হার মানলো কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার আইপিএলের অষ্টম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৫৫ রানে হেরে গেছে শাহরুখের দল। নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ের তিন উইকেটে ১৬৪ রানের জবাবে চার বল বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায় কলকাতা।
ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করতে নামে সুপার কিংসরা। মাত্র ১৬ রানেই ম্যাথু হেইডেনকে (১) হারালে ধীর গতিতেই ইনিংস এগিয়ে নিতে থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও সুরেশ রায়না। ৫৩ রানে শুক্লার বলে বোল্ড হয়ে বিদায নেন বিজয়। পাঁচ চারের সাহায্যে ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। দুই রান বাদে হজের বলে একই পরিণতি বরণ করেন রায়না (১৮)।
তিন রানেই দুই উইকেট হারানো যেন শাপে বর হয় চেন্নাই সুপার কিংসের জন্য। অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও সুব্রানিয়াম বদ্রিনাথের ঝড়ো ব্যাটিংয়ে প্রাণ সঞ্চার হয় সুপার কিংস ইনিংসে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান।
ছয় চার ও তিন ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস আসে ধোনির ব্যাট থেকে। সমান বলে তিন চার ও এক ছয়ে ৪৩ এ অপরাজিত থাকেন বদ্রিনাথ।
১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা রানেই ব্র্রাড হজের উইকেট হারায় নাইট রাইডার্স। সুপার কিংস বোলারদের নৈপুণ্যে নিয়মিতই উইকেট জয়ের লক্ষ্য থেকে ছিটকে পড়ে শাহরুখের দল। ৫৫ রানেই পাঁচ উইকেট হারানো রাইডার্স ১৯.২ ওভারে যেতেই সবকটি উইকেট হারায়, ১০৯ রানে।
রাইডার্সের মাত্র চার ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছেন। ঋদ্ধিমান সাহা সর্বোচ্চ ২২ রানের ইনিংসটি খেলেন। এছাড়া মুরালি কার্তিক ২১, লক্ষ্মি শুক্লা ১৯ ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ১১ রান করেন।
জাস্টিন ক্যাম্প ১২ রানে তিন উইকেট ও লক্ষ্মীপতি বালাজি ৯ রানে দুই উইকেট নিয়ে কলকাতার ইনিংসে ধ্বস নামান। এছাড়া অ্যালবি মর্কেল, মানপ্রিত গনি ও রবিচান্দ্রান অশ্বিন ও মুত্তিয়া মুরালিধরন একটি করে উইকেট পান।
ম্যাচ সেরা বিবেচিত হন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
দুই ম্যাচে প্রথম জয়ে চেন্নাইয়ের সংগ্রহ দুই পয়েন্ট। অন্যদিকে তিন ম্যাচে প্রথম হার মানা কলকাতার সংগ্রহ ৪।
বুধবার দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/০০৪৫ ঘ.
bdnews24