ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের সপ্তম ম্যাচে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে হারিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে।
নির্ধারিত ২০ ওভারে কিংস ইলেভেনের ৩ উইকেটে ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সাত বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে রয়্যাল চ্যালেঞ্জার্স, ২ উইকেটে।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবি বোপারা ও মানবিন্দর বিসলার ঝড়ো ব্যাটিংয়ে দুরন্ত সূচনা করে পাঞ্জাব। প্রথম জুটিতে শতরান করে বড় ইনিংসের ভিত্তি গড়েন এ দুই ব্যাটসম্যান।
১২৯ রানে ফিরে যান বিসলা। প্রভীন কুমারের বলে কুম্বলের হাতে ধরা পড়ার আগে নয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে বিসলা ৫০ বলে করেন ৭৭ রান।
বোপারার সঙ্গে যোগ দেন যুবরাজ সিং। কিন্তু সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে ডেল স্টেইনের বলে ইয়ন মর্গানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন যুবরাজ।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বোপারা বিদায় নেন দলীয় ১৯৩ রানে। জ্যাক ক্যালিসের বলে মর্গানের ক্যাচে পরিণত হওয়ার আগে করেন ৭৫ রান করেন বোপারা। ৭টি চার ও ৪টি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি।
চতুর্থ উইকেট জুটিতে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ২৬ ও ইরফান পাঠানের ৩ রানের সুবাদে বড় স্কোর গড়ে কুমার সাঙ্গাকরার নেতৃত্বাধীন দল।
রয়্যালের পক্ষে ক্যালিস, স্টেইন ও প্রভীন একটি করে উইকেট নেন।
জয়ের তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিসের অপরাজিত ৮৯, মনিষ পান্ডের ৩৮ রান ও রবিন উথাপ্পার ৫১ রানে ভর করে লক্ষ্যে পৌঁছে ব্যাঙ্গালোর।
ক্যালিস ৮টি চার ও ৫টি ছয়ের সাহায্যে করেন অপরাজিত ৮৯ রান। মনিষ দুই চার ও তিন ছয়ে ২৬ বলে করেন ৩৮ রান। এছাড়া রবিন উথাপ্পা চারটি ৪ ও চার ছক্কার সাহায্যে ৫১ রান করেন।
পাঞ্জাবের হয়ে পীযুষ চাওলা ও বিপুল শর্মা একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন জ্যাক ক্যালিস।
দুই ম্যাচে প্রথম জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের সংগ্রহ দুই পয়েন্ট। কোনো জয় না পাওয়ায় সমান ম্যাচে কিংস ইলেভেনের সংগ্রহ শূন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২১৪৬ ঘ.
bdnews24