২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকের শতকে বড় স্কোরের পথে ইংল্যান্ড

অ্যালিস্টার কুকের অপরাজিত শতকের ওপর ভর করে ইংল্যান্ড এগিয়ে চলেছে বড় স্কোরের পথে। প্রথম টেস্টের প্রথমদিন শুক্রবার রান তুলেছে ৩৭৪, তিন উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 04:13 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিস্টার কুকের অপরাজিত শতকের ওপর ভর করে ইংল্যান্ড এগিয়ে চলেছে বড় স্কোরের পথে। প্রথম টেস্টের প্রথমদিন শুক্রবার রান তুলেছে ৩৭৪, তিন উইকেটে। অ্যালিস্টার কুক ১৫৮ রানে ব্যাট করছেন। ২৪৪ বলের ইনিংসে সীমানার ওপারে বল পাঠিয়েছেন ১৪ বার। হাওয়ায় ভাসিয়ে দু'বার। তিনি তার টেস্ট জীবনের একাদশ শতকে পৌঁছান ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে। তবে ছক্কার সংখ্যা বাড়েনি। তাকে সঙ্গ দিচ্ছেন পিটার কলিংউড ৩২ রান নিয়ে। ৪০ বল খেলে ৪ মেরেছেন পাঁচটি। সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অত্যন্ত সতর্কতার সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও মাইকেল কারবেরি। বিশেষ করে স্পিনারদের মোকাবেলা করার ব্যাপারে তারা ছিলেন অতিমাত্রায় সতর্ক। ৭২ রানের একটি দৃঢ় ভিত্তি রচনার পর ভাঙ্গন ধরে উদ্বোধনী জুটিতে। এরপর এক প্রান্তে তিনটি উইকেট পড়লেও অপর প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক। মূলত তাকে ঘিরেই গড়ে ওঠে ইংল্যান্ডের ইনিংস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনও খেলতে থাকেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবে, স্বচ্ছন্দের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে কারবেরি করেন ৩০ রান। তবে প্রথম থেকেই মাহমুদুল্লাহর বল ঠিক মতো খেলতে পারছিলেন না এই ম্যাচে অভিষেক হওয়া কারবেরি। অস্বস্তি বোধ করছিলেন সব সময়। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে সুইপ করে বসেন স্ট্যাম্পের ওপরের বলটি। কিন্তু ব্যাট যায় বাতাস কেটে। আর বল আঘাত হানে প্যাডে। আঙ্গুল তুলতে এক মুহূর্তও দেরি করেননি আম্পায়ার। টেলিভিশন রিপ্লেও প্রমাণ করেছে তার সিদ্ধান্তের যথার্থতা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৭৭ রানে যোগ হওয়ার পর বিদায় নেন জোনাথন ট্রট। রুবেল হোসেনের বাউন্সারে পুল করেন তিনি। কিন্তু বলটি তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। একটু দেরি করলেও শেষ পর্যন্ত আঙ্গুল তোলেন আম্পায়ার। তবে খুশি হতে পারেননি ট্রট। অন্তত তার চেহারায় তাই স্পষ্ট হয়ে উঠেছিল। ৭৭ বল খেলে ৩৯ রান করেন তিনি। ৪ মেরেছেন তিনটি। কুক ও কেভিন পিটারসেন জুটি বেঁধে ১৭০ রান তোলার পর আব্দুর রাজ্জাকের বলে সরাসরি বোল্ড হন পিটারসেন। বলটি এত ভালো ছিল যে উইকেট না পেলে রাজ্জাকের জন্য তা হতো রীতিমতো দুর্ভাগ্য। লেগ-স্ট্যাম্পের ওপর গুড-লেঙথে পড়ে সামান্য বাঁক নিয়ে অফ-স্ট্যাম্প ভেঙ্গে দেয় পিটারসেনের। খেলতে গিয়েও ব্যাটে বলে এক করার কোনো সুযোগই পাননি। দুর্ভাগ্য অবশ্য পিটারসেনেরও। মাত্র ১ রানের জন্য শতক-বঞ্চিত হন তিনি। সাজঘরে ফেরার সময় সেই হতাশা ঢেকেও রাখতে পারেননি। চোখে-মুখে ফুটে উঠেছিল স্পষ্ট। তিনি তার ১৩৫ বলের ইনিংসটি সাজান ১৫টি চার ও একটি ছক্কা দিয়ে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ছয় বোলার ব্যবহার করেছেন। সফলতার মুখ দেখেছেন কেবল মাহমুদুল্লাহ, রুবেল, রাজ্জাক। একটি করে উইকেট নেন তারা। এ জন্য মাহমুদুল্লাহর খরচ হয়েছে ৪৫ রান। এছাড়া রুবেল ৭৯ ও রাজ্জাক দেন ৭১। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ মার্চ ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এমআই/টিআর/১৬৪০ ঘ.