২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জয় ৬ উইকেটে

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ একদিনের ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক খেলা বাকি থাকতেই নিজের করে নিয়েছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

অকল্যান্ড, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ একদিনের ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক খেলা বাকি থাকতেই নিজের করে নিয়েছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি। প্রথমে ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান বেন্ডন ম্যাককালামের অর্ধ-শতকের পরও নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ২৩৮ রানে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি, খেলেছে মাত্র ৪৪ ওভার ১ বল। বৃষ্টি হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতির আশ্রয় নিতে হয় এই ম্যাচেও। পুনর্নির্ধারিত জয়ের লক্ষ্য ৩৪ ওভারে ২০০ রান টপকে ২০২ এ পৌঁছে যায় অস্ট্রেলিয়া ৪ উইকেটে, রিকি পন্টিং ও ক্যামেরোন হোয়াইটের অর্ধ-শতকের সুবাদে। তখনো হাতে ছিল ১৭ বল। ইডেন পার্কে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২ রানের মাথায় ব্র্যাড হ্যাডিনের উইকেটটি খুইয়ে বসে তারা। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। এ অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক রিকি পন্টিং ও শেন ওয়াটসন। দলের সঙ্গে ৮২ রান যুক্ত হওয়ার পর ৮৪ রানের মাথায় বিদায় নেন ওয়াটসন (৪১ বলে ৩২ রান)। ৮৫ রানের মাথায় পন্টিং সাজঘরের পথ ধরলেও আর বিপদে পড়তে হয়নি তার দলকে। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৩৫ বলে ঠিক ৫০ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠিয়েছেন ৮ বার। হাওয়ায় ভাসিয়ে একবার। অ্যাডাম ভোগস ১৫০ রানের মাথায় ৩৪ রান করে বিদায় নেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ক্যামেরোন হোয়াইট ও মাইক হাসি দলকে পৌঁছে দেন জয়ের কাঙ্খিত লক্ষ্যে। এরই মধ্যে হোয়াইট তার অর্ধ-শতক আদায় করে নেন ৫৭ বলে। তিনি তার হার না মানা ৫০ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও একটি ছক্কা দিয়ে। আর মাইক হাসি অপরাজিত ছিলেন ২৮ রানে। মাত্র ১৭ বল খেলে চার মেরেছেন তিনটি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ভেট্টোরি ২ উইকেট নেন, ২৯ রানে। এর আগে টস জিতে পন্টিং নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। কিউইদের শুরুটাও হয় চমৎকার। মাত্র ৭ ওভার ৪ বলে উদ্বোধনী জুটিতে ম্যাককালাম ও মার্টিন গুপটিল ৬৩ রান তুললে বড় স্কোরের ইঙ্গিত পাওয়া যেতে থাকে। শেন ওয়াটসনের বলে গুপটিল ২২ বলে ৩০ রান করে পন্টিংয়ের হাতে ধরে পড়ে বিদায় নেন। ওয়াটসনের ফুলার লেঙথের বলটি ড্রাইভ করেন গুপটিল। কিন্তু ঠিক মতো খেলতে পারেননি। সামান্য উঠে যায়। শর্ট-কভারে চিলের মতো ছোঁ মেরে বলটি তুলে নেন পন্টিং। গুপটিল বিদায় নিলেও নিউজিল্যান্ডের ইনিংস সঠিক পথেই এগুতে থাকে। তবে রান তোলার গতি কিছুটা কমে যায়। রস টেলর ১২০ রানের মাথায় সাজঘরের পথ ধরার পরই খেলার মোড় ঘুরে যায়। নিউজিল্যান্ডের হাত থেকে চলে যায় অস্ট্রেলিয়ার হাতে। জেমস হোপসের বলটি ছিল লেগ-স্ট্যাম্পের ওপর, কিছুটা ফুলার লেঙথের। মাঝ ব্যাট দিয়ে ফ্লিক করেন টেলর। বেশ কয়েক কদম দৌড়ে এসে ডিপ স্কয়ার-লেগে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন মাইক হাসি। টেলর ১৫ রান করেন ৩৭ বলে। ক্যাচ দু'টির কথা অনেকদিন মনে থাকবে দর্শকদের। এরপর থেকে খনিকটা বিরতি দিয়ে উইকেট পড়তে থাকে। ১২৮ রানের মাথায় এই ম্যাচে অভিষেক হওয়া শানান স্টুয়ার্ট (৪), ১৩০ রানে ম্যাককালাম (৬১), ১৫২ রানে স্কট স্টাইরিস (৮), ১৫৪ রানে ড্যানিয়েল ভেট্টোরি (১২), ১৭৭ রানে জেমস ফ্রাঙ্কলিন (১০), ২১৩ রানে গ্যারেথ হোপকিনস (২০), ২৩৬ রানে ড্যারিল টাফি (৩৪) ও ২৩৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন শেন বন্ড (১৯)। তখন অপর প্রান্তে ১ রানে অপরাজিত ছিলেন টিম সুথি। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ম্যাককালাম। ৭৫ বল খেলে তিনি তার ৬১ রানের ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান হরিটজ তিনটি উইকেট নেন, ৪৬ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন মিচেল জনসন, ওয়াটসন ও হোপস। ম্যাচ সেরার পুরস্কার পান হোয়াইট। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের চ্যাপেল-হ্যাডলি ট্রফি ৩-১ এ জিতে নিল অস্ট্রেলিয়া। পঞ্চম ম্যাচটি এখন আর আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৭ ঘ.