ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগে শিরোপা অক্ষুণ্ন রেখেছে রাজশাহী বিভাগ। বুধবার চট্টগ্রাম বিভাগের বিপক্ষে পাঁচদিনের শিরোপা নির্ধারণী ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় শিরোপা ধরে রাখে রাজশাহী।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে রাজশাহী পঞ্চম দিনে জহুরুলের শতকের সুবাদে ৫ উইকেটে ৪১৩ রানে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেনি চট্টগ্রাম বিভাগ।
ফয়সালের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে জহিরুল ইসলাম ১১৭ রান করেন। দড়ির ওপাড়ে বল পাঠিয়েছেন ১৭ বার। এছাড়া নাসির হোসেন ৭৮ ও ধীমান ঘোষ ৫৫ রানে অপরাজিত থাকেন। সঙ্গে শুভর ৬৮ ও ফরহাদের ৫৫ রানের সুবাদে বড় স্কোর গড়ে রাজশাহী বিভাগ। ফয়সাল হোসেন ১৪০ রানে নেন তিনটি উইকেট।
প্রথম ইনিংসে রাজশাহী ৩৭২ রানের জবাবে চট্টগ্রাম ৩১০ রান করে।
ফাইনাল সেরা হন রাজশাহী বিভাগের সোহরাওয়ার্দী শুভ। টুর্নামেন্ট সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের ফয়সাল হোসেন।
টুর্নামেন্টে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন রাজশাহীর সাকলায়েন সজিব (৯ ম্যাচে ৫৪ উইকেট)। সবচেয়ে বেশী রান একই বিভাগের জহিরুল ইসলামের (৯৬৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/সিজি/২৩০৫ ঘ.
bdnews24