২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

চ্যাপেল- হ্যাডলি সিরিজের তৃতীয় ম্যাচে ব্রেড হাডিনের শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

ওয়েলিংটন, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাপেল- হ্যাডলি সিরিজের তৃতীয় ম্যাচে ব্রেড হাডিনের শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে দুই ওভার দুই বল হাতে রেখেই ২৪৮ রান করে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তখনো হাতে রয়েছে ৬ উইকেট। সিডন পার্কে জয়ের তাড়া করতে নেমে দলীয় ২৫ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শন ওয়াটসন (১৫)। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেড হাডিনের সঙ্গে যোগ দেন অধিনায়ক রিকি পন্টিং। এই জুটির কৌশলী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রানের চাকা এগিয়ে যেতে থাকে জয়ের দিকে। ৩২ ওভারের সময় মাইকেল ম্যাসনের বলে রস টেলরের হাতে ক্যাচ দেন পন্টিং। দলের রান তখন ১৭৬। পন্টিং তার ৬৯ রানের ইনিংসে সীমানার বাইরে বল পাঠিয়েছেন নয়বার। তবে উদ্বোধনী ব্যাটসম্যান হাডিন মেরে খেলতে থাকেন কিউই বোলদের। গ্যারেথ হোপকিনস তার স্ট্যাম্প ভাঙ্গার আগে নিজের দ্বিতীয় শতকটি করেন ব্রেড হাডিন। ১৭৬ বল খেলে ১১০ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠিয়েছেন সাতবার, পাঁচবার হাওয়ায় ভাসিয়ে। ক্যামেরন হোয়াইট ২৫ ও অ্যাডাম ভগস ১৩ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি একটি উইকেট নেন ৩৬ রান খরচ করে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ৪৩ রানে ও মাইকেল ম্যানসন ৬৮ রান খরচ করে। প্রথমে ব্যাট করে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু রস টেলর (৬২), স্কট স্টাইরিস (৪১) ও গ্যারাথ হোপকিনসের (৪৫) রানের ওপর ভর করে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ৪৬ ওভার দুই বল খেলে। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন মিচেল জনসন ৪১ রানে ও রায়ান হ্যারিস ৪৮ রান দিয়ে। এছাড়া শন ওয়াটসন ২৬ রানে দু'টি এবং ডগ বোলিঙ্গার নেন একটি উইকেট ৩৯ রান খরচ করে। ম্যাচ সেরা হিসেবে ব্রেড হাডিনকে বেছে নিতে নির্বাচকদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/পিডি/১৭৬৪ ঘ.