২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েছে বাংলাদেশ

পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জেতার জন্য পাল্লা দিয়ে রান তুলতে পারছে না। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৮ ওভারে রান করেছে ১৮৪, পাঁচ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 04:08 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

চট্টগ্রাম, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জেতার জন্য পাল্লা দিয়ে রান তুলতে পারছে না। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৮ ওভারে রান করেছে ১৮৪, পাঁচ উইকেটে। উইকেটে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ২২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান নাইম ইসলাম করেছেন ৭। প্রথমে ব্যাট করে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটারের শতকের সুবাদে ২৮৫ রানের বড় লক্ষ্য বেঁধে দেয় ইংল্যান্ড। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে রান তুলেছে ২৮৪, ৫ উইকেটে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের উইকেটটি হারিয়ে। প্রথম একদিনের ম্যাচে শতক হাঁকানো এই ব্যাটসম্যান হিসেবের খাতাই খুলতে পারেননি। আজমল শাহজাদের অফ-স্ট্যাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালান তামিম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে বেশ কিছুটা দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন টিম ব্রেসন্যান। দর্শকদের অনেকদিন মনে থাকবে এই ক্যাচটির কথা। ৪০ রানের মাথায় ইমরুল কায়েস ১৭ রান করে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন আফতাব ও মুশফিক। ইনিংস মেরামতের পাশাপাশি রান তোলার গতিও ধীরে ধীরে বাড়াচ্ছিলেন তারা। কিন্তু বিপদ কাটিয়ে উঠতে না উঠতে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন আফতাব। চমৎকার খেলছিলেন তিনি। দলের সঙ্গে ৫৬ যোগ হওয়ার পর ৯৬ রানের মাথায় গ্ল্যান্স করেই রানের জন্য দৌড় শুরু করেন আফতাব, রীতিমতো অবিবেচকের মতো। বলটি চলে যায় স্কোয়ার লেগে সরাসরি ফিল্ডারের কাছে। উইকেটরক্ষক ম্যাট প্রায়রের কাছে বলটি যখন ফেরত আসে, তখন উইকেটের মাঝামাঝি জায়গায় আফতাব। অথচ অপর প্রান্তে মুিেশকর মধ্যে রান নেয়ার কোনো আগ্রহই দেখা যায়নি। কোনো তাগিদও দেননি তিনি রান নেয়ার জন্য। দলের সঙ্গে আর ২৯ রান যোগ হতেই ফিরে যান মুশফিক ৪০ রান করে, দলকে আবারো বিপদে ফেলে। তার ৪৩ বলের ইনিংসে চার রয়েছে দু'টি। গ্রায়েম সোয়ানের বলে সুইপ করেন মুশফিক। বলটি উঠে যায় আকাশে। ডিপ মিড-উইকেট থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন টিম ব্রেসন্যান। মুশফিক বিদায় নিলেও রান তোলার গতি কমেনি। নিজেদের স্বাভাবিক খেলা খেলে যাচ্ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৮ বলে ৩৮ রান করে দলীয় ১৬২ রানের মাথায় কেভিন পিটারসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন সাকিব। চার মেরেছেন তিনটি। অথচ বিপদ তখনো কাটেনি। এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও ক্রেগ কিসওয়েটার বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার শফিউল ইসলাম ও রুবেল হোসেনের ওপর ঝড় বইয়ে দেন। তবে সেই ঝড় থেমে যায় স্পিন আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে। সাবধানতার সঙ্গে ব্যাট করতে থাকেন অধিনায়ক কুক ও কিসওয়েটার। ইংল্যান্ডের ইনিংস মূলত গড়ে ওঠে কিসওয়েটারকে ঘিরে। দলীয় ২৩৭ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হওয়ার আগে একদিনের ক্রিকেট জীবনের দ্বিতীয় ম্যাচেই শতক আদায় করে নেন তিনি ১২০ বলে, ৯টি চার ও দু'টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত আউট হন ১০৭ রানে। খেলেছেন ১২৩ বল। চারের সংখ্যা বাড়াতে না পারলেও ছক্কার সংখ্যা বাড়িয়েছেন একটি। স্ট্যাম্পের ওপর সামান্য ফুলার লেঙথের বলটি কাট করার চেষ্টা করেন কিসওয়েটার। জায়গা বানাতে না পারায় বলটি তার ব্যাটের গোরার দিকে লেগে আঘাত হানে স্ট্যাম্পে। ততক্ষণে খেলা হয়েছে ৪৬ ওভার ৩ বল। এর আগে উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরে ৫৯ রানে ১২ ওভার ৪ বলের মাথায়। সাকিবের বলটি কাট করার চেষ্টা করেন কুক। কিন্তু আলতোভাবে ব্যাটে ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৪৩ বলে ৩২ রান করেন তিনি। চার মেরেছেন তিনটি। এরপরই রান তোলার গতি বেশ কমে যায়। মাঠে কেভিন পিটারসেনকে মোটেও স্বচ্ছন্দ মনে হয়নি। আব্দুর রজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ২২। কিন্তু খেলেছেন ৩৬ বল। সুবিধা করতে পারেননি পল কলিংউডও। সোহরাওয়ার্দী শুভর বলে রাজ্জাকের হাতে ধার পড়ার আগে করেন ৫৩ বলে ৩৬ রান। চার মেরেছেন মাত্র একটি। উইকেট থেকে বেরিয়ে গিয়ে লং-অনের ওপর দিয়ে সীমানা পার করার চেষ্টা করেন। কিন্তু ঠিকমতো খেলতে না পারায় বল উঠে যায় আকাশে। লং-অন থেকে কয়েক কদম এগিয়ে এসে বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি রাজ্জাকের। ততক্ষণে ৩৮.২ ওভার খেলা হয়ে যাওয়ায় রানের গতি বাড়ানোর দিকে নজর দেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তোলেন ইয়ন মর্গান। ২৯ বলে ৩৬ রান করে ২৫৭ রানের মাথায় শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়ে বিদায় নেন। সীমানার ওপারে বল পাঠান চারবার, এছাড়া একবার হাওয়ায় ভাসিয়ে। তখনো নির্ধারিত ৫০ ওভারের বাকি ছিল ৯ বল। আর এই ৯ বলে ২৭ রান তুললে ইংল্যান্ডের ইনিংস থামে ২৮০ কোঠা পেরিয়ে যায়। মাত্র ১৩ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন লিউক রাইট। আর তিন বলে ৬ রান করেন টিম ব্রেসন্যান। বাংলাদেশের বোলারদের মধ্যে দু'টি উইকেট নিয়েছেন রাজ্জাক, ৪০ রানে। এছাড়া শফিউল ৩৫ রানে একটি, সাকিব ৪৫ রানে একটি এবং অপর উইকেটটি নেন শুভ। তিনি খরচ করেন ৪৫ রান। তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৫১৩ ঘ.