ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশকে, ইয়ন মর্গানের কাছে। তার অপরাজিত শতকের (১১০) সুবাদে দুই উইকেটে জিতেছে ইংল্যান্ড। জয়ের লক্ষ্য ২৬১ রানে পৌঁছে যায় তারা আট উইকেটে। তখনো হাতে ছিল ৭ বল।
প্রথমে ব্যাট করে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে রান করে ২৬০, ছয় উইকেটে। এটিই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে মঙ্গলবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটারের (৪) উইকেটটি হারায় ইংল্যান্ড। দলের সঙ্গে ৪৭ রান যোগ হওয়ার পর ৫২ রানের মাথায় সাজঘরের পথ ধরেন কেভিন পিটারসেন। আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ১৮। ৬৮ রানের মাথায় পল কলিংউড (৭) বিদায় নেয়ায় জমে ওঠে ব্যাট-বলের লড়াই।
অধিনায়ক সাকিব আল হাসানের বলে অধিনায়ক কুক ১০৮ রানের মাথায় উইকেটের পেছনে ধরার পর কিছুটা হলেও পথ হারিয়ে ফেলে ইংল্যান্ড। ৬০ রান করেন কুক ৬১ বলে। চার মেরেছেন ৭টি, ছক্কা ১টি।
এ অবস্থায় হাল ধরে ইনিংসকে পথে ফিরিয়ে আনেন ইয়ন মর্গান ও ম্যাট প্রায়র। দু'জনে মিলে দলের সঙ্গে যুক্ত করেন ৯০। ১৯৮ রানের মাথায় প্রায়র ৪২ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবিডিব্লিউয়ের ফাঁদে পড়েন।
তবে ব্যাট করে যেতে থাকেন মর্গান। কিন্তু ২২৩ রানে লিউক রাইট (৭), ২২৪ রানে টিম ব্রেসন্যান (০) ও ২২৯ রানে গ্রায়েম সোয়ান (২) সাজঘরে ফিরে গেলে আবারো বিপদে পড়ে ইংল্যান্ড। সেই সঙ্গে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মর্গান। সেই বাধা আর টপকাতে পারেনি বাংলাদেশ। জেমস ট্রেডওয়েলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন মর্গান। আদায় করে নেন তার একদিনের ক্রিকেট জীবনের প্রথম শতকও, ১০১ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে। তবে শেষ পর্যন্ত মর্গান করেন ১১০ রান। তার ১০৪ বলের হার না মানা ইনিংসে রয়েছে আটটি চার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দড়ির ওপারে বল পাঠান দু'বার। ট্রেডওয়েল অপরাজিত থাকেন ২ রানে।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান। এ জন্য রাজ্জাক খরচ করেন ৫২ রান। সাকিব দেন ৩২।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অ্যালিস্টার কুক। সাবধানতার সঙ্গে ইনিংসের সূচনা করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে রানের গতি বাড়াতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম, দলীয় ৪৬ রানের মাথায়। স্টুয়ার্ট ব্রডের বলে কুকের হাতে ধরা পড়ার আগে করেন ৩০ রান। তার ২৫ বলের ইনিংসে চার রয়েছে চারটি।
আরো ১০ রান যোগ হওয়ার পর দলকে খাদে ফেলে বিদায় নেন ওয়ান-ডাউন ব্যাটসম্যান আফতাব আহমেদ (৪)। ৫৬ রানের মাথায় টিম ব্রেসন্যানের বলে সরাসরি বোল্ড হন তিনি। গুড-লেঙথ বলটিকে উইকেট থেকে বেরিয়ে গিয়ে হাঁকালেন মিড উইকেটের দিকে। ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি তার উইকেট ভেঙ্গে দেয়। নিঃসন্দেহে এটি ছিল একটি হাস্যকর শট।
এ অবস্থায় ইমরুলের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খাদ থেকে টেনে তোলার জন্য শুরু করেন ইনিংস মেরামতের কাজ। অনেকটা সফলও হন তারা। দলের সঙ্গে যুক্ত করেন ৯০ রান। ১৪৬ রানের মাথায় গ্রায়েম সোয়ানের বলে পল কলিংউডের হাতে ধরা পড়ার আগে ইমরুল ১১৩ বলে করেন ৬৩। চার মারেন চারটি।
তিনি তার একদিনের ক্রিকেট জীবনে দ্বিতীয় অর্ধ-শতকে পৌঁছান ৯৪ বলে। তবে দড়ির ওপারে বল পাঠানোর সংখ্যা আর বাড়েনি।
অধিনায়ক সাকিব আল হাসান ১৬৬ রানের মাথায় গ্রায়েম সোয়ানের বলে তারই হাতে ধরা পড়েন। রান করেন ১৪।
কিন্তু ব্যাট করে যেতে থাকেন মুশফিকুর রহিম। আদায় করে নেন তিনি তার একদিনের ক্রিকেট জীবনের ৬ষ্ঠ অর্ধ-শতক। শেষ পর্যন্ত টিম ব্রেসন্যানের বলে লিউক রাইটের হাতে ধরা পড়ার আগে করেন ৭৬। তার ৮৮ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি। ব্রেসন্যানের বলটিতে গতি ছিল কিছুটা কম। মুশফিক তা বুঝতেও পারেন। তারপরও ফ্লিক করেন। সামান্য দ্রুত ব্যাট চালানোয় বলটি উঠে যায় মিড-অনে। তখন দলের রান ছিল ২১১।
সর্বশেষ ব্যাটসমান হিসেবে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ, ২৩৫ রানের মাথায়। ৩৬ বলে ২৭ রান করেন তিনি। তখনো খেলার বাকি ছিল ১১ বল।
নাইম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ এই ১১ বলে ২৫ রান তুললে বাংলাদেশের রান দাঁড়ায় ২৬০। নাইম ১৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। আর শুভ ১৪ রান করেন মাত্র ৬ বলে, একটি চার ও একটি ছক্কার সাহায্যে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন ব্রেসন্যান, ৫১ রানে। এছাড়া ৫২ রানে ২ উইকেট নেন সোয়ান।
ম্যাচ সেরার পুরস্কার মর্গানের হাতে তুলে দেয়ার জন্য দ্বিতীয়বার ভাবতে হয়নি নির্বাচকদের।
তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে গেল। ফলে সিরিজ হারের আর কোনো আশঙ্কা নেই ইংল্যান্ডের।
তৃতীয় একদিনের ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে শুক্রবার, চট্টগ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২২৪ ঘ.
bdnews24