ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে ৭ উইকেটে হারিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল ইংল্যান্ড। জেতার জন্য ১৫২ রানের লক্ষ্য টপকে ১৫৫ রানে পৌঁছে যায় তারা তিন উইকেটে, ৪৬ বল হাতে রেখে। প্রথমে ব্যাট করে পূনর্নির্ধারিত ৩৭ ওভারে ১৫১ রান তোলে বিসিবি একাদশ, ৮ উইকেটে।
ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে কেভিন পিটারসেনের উইকেটটি হারালেও বিপদে পড়তে হয়নি ইংল্যান্ডকে। অধিনায়ক অ্যালিস্টার কুক ও ম্যাট প্রায়র জুটি বেঁধে ৬৭ রান তুলে প্রাথমিক এই ধাক্কা ঠিকই সামাল দেন। দলীয় ৮১ রানের মাথায় কুক ফিরে যাওয়ার আগে করেন ৫১ বলে ৫২ রান। তিনি তার ইনিংসটি সাজান ৮টি চার ও একটি ছক্কা দিয়ে।
ইয়ন মর্গান (৯) ১১০ রানের মাথায় বিদায় নিলেও জয়ের পথে এগিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডের। বরং রানের বন্যা বইয়ে দিয়ে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন ম্যাট প্রায়র ও লিউক রাইট। প্রায়র ৬৪ রানে অপরাজিত থাকেন। তার ৫৬ বলের ইনিংসে চার রয়েছে ৯টি। আর রাইট ১৬ বলে ২০ রান করেন দু'টি চার ও একটি ছক্কার সাহায্যে।
বিসিবি একাদশের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ও মাহমুদুল হাসান একটি করে উইকেট নেন। এ জন্য বাবু খরচ করেন ৩০ রান। মাহমুদুল দেন ৪১।
এর আগে টস জিতে বিসিবি একদশের অধিনায়ক শাহরিয়ার নাফীস ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু ইংল্যান্ডের বোলারদের আটোসাটো বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ১৪ রানের মাথায় প্রথম সফলতার মুখ দেখেন রায়ান সাইডবটম। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। মাত্র ৮০ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসলে দলের রান এক শ'র কোঠা পেরোয় কি না, সংশয় দেখা দেয় তা নিয়ে।
এ অবস্থায় তানভীর হায়দার ও আলাউদ্দিন বাবু হাল ধরে দলের সঙ্গে যুক্ত করেন ৫৫ রান। ১৩৫ রানের মাথায় তানভীর আজমল শাহজাদের বলে অ্যালিস্টার কুকের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন। ৩৫ রান করেন তিনি ৫৫ বলে। চার মেরেছেন দু'টি।
আর শেষ পর্যন্ত ৪৩ রান করে অপরাজিত থাকেন বাবু। তার ৫২ বলের হার না মানা ইনিংসে চার রয়েছে ৫টি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে রকিবুল হাসান ৩৯ বলে ১৯, মাহমুদুল হাসান ৩৭ বলে ১৫ ও আফতাব আহমেদ ১৩ রান করেন ১৫ বলে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন সাইডবটম, টিম ব্রেসন্যান ও জেমস ট্রেডওয়েল। এজন্য ট্রেডওয়েল খরচ করেন মাত্র ১৭ রান, ব্রেসন্যান দেন ৩২ ও সাইডবটম ৩৫ রান।
পঞ্চাশ ওভারের খেলা হওয়ার কথা থাকলেও বুধবার রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বৃহস্পতিবার সকালেও। তাই খেলা শুরু হতে দেরি হয় দু'ঘন্টা। স্বাভাবিকভাবেই ওভারও কাটা হয় ইনিংস প্রতি ১৩টি করে। ফলে খেলা হয় ৩৭ ওভারের।
বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ ২৮ ফেব্র"য়ারি। শুরু হবে দুপুর ২টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৪ ঘ.
bdnews24