২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হার

প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। মঙ্গলবার ক্রেইগ কিজওয়াটার ও পল কলিংউডের শতকের সুবাদে ১১২ রানে জয় তুলে নেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। মঙ্গলবার ক্রেইগ কিজওয়াটার ও পল কলিংউডের শতকের সুবাদে ১১২ রানে জয় তুলে নেয় তারা। আগে ব্যাট করে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৭০ রান তোলে, সাত উইকেটে। ৩৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২৫৮ রানে থেমে যায় বিসিবি একাদশের ইনিংস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে বিসিবি একাদশ ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। অ্যালিস্টার কুক ও কিজওয়াটার উদ্বোধনী জুটিতে এক শ'রও বেশি রান তুললে বড় ইনিংসের ভিত্তি পেয়ে যায় সফরকারীরা। প্রথম থেকেই ঝড়ের গতিতে খেলে ১০১ বলে ১০০ রান তোলেন তারা। তবে ১২৭ রানে আলাউদ্দিন বাবু দুই উইকেট তুলে নিলে কিছুটা স্বস্তি ফিরে আসে বিসিবি একাদশের শিবিরে। ২২তম ওভারে অধিনায়ক শাহরিয়ার নাফীস বল তুলে দেন বাবুর হাতে। প্রথম দুই বলেই অধিনায়ক কুক ও ওয়ানডাউন ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। কিন্তু থামেননি কিজওয়াটার। ২০ ওভারের ম্যাচের মতো ব্যাট করতে থাকেন তিনি। দলীয় ২৫২ রানের মাথায় মাহমুদুল হাসানের বলে আরিফুল হকের হাতে ধরা পড়ার আগেই ১৩টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১২৩ বলে রান করেন ১৪৩। কিজওয়াটার বিদায় নিলেও রানের গতি কমেনি ইংল্যান্ডের। কেননা এরপর ঝড় তোলেন পল কলিংউড। তাপস বৈশ্যর বলে শফিক আল জাবিবের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে মাত্র ৭৪ বলে ১০৯ রান করেন তিনি। ছয়টি চার ও ছয়টি ছক্কা দিয়ে সাজান তিনি তার ইনিংসটি। এছাড়া লিউক রাইট ১৬ বলে ২৫ এবং লিয়াম প্লানকেট ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তাপস বৈশ্য ৭২ রানে তিন উইকেট নেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৮৫ রান দেন আলাউদ্দিন বাবু। বল করেছেন ১০ ওভার। তবে উইকেট নিয়েছেন দু'টি। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে গ্রায়েম সোয়ান ও প্লানকেটের বোলিংয়ের মুখে শুরুতেই পথ হারিয়ে ফেলে বিসিবি একাদশের ইনিংস। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। দলীয় ১৪ রানে শাহরিয়ার নাফিস ও ৫৭ রানে মাহমুদুল হাসান সাজঘরে ফিরে গেলে হারানো পথ আর খুঁজে পায়নি বিসিবি একাদশ। ফলে লক্ষ্য থেকে ১১২ রান দূরে থাকতেই থেমে যায় শাহরিয়ারের দলের ইনিংস। দলের পক্ষে শরীফউল্লাহ সবচেয়ে বেশি ৪৭ রান করেন। এছাড়া রকিবুল ইসলাম ৪১, নাইম ইসলাম ৪০ ও নাসিরউদ্দিন ফারুক ৩৭ রান করেন। সোয়ান ৪৪ রানে চার উইকেট নেন। প্লানকেট ২ উইকেট নেন, ৫৭ রান দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/১৯৫৯ ঘ