হোবার্ট, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
হোবার্টে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান শন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের মারমুখী ব্যাটিংয়ে বিনা উইকেটেই ৮৩ রান করে। অষ্টম ওভারে গেইলের বলে রামদিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়াটসন (৩৭)।
পরের ওভারে ওয়ার্নারকে (৪৯) কট এন্ড বোল্ড করেন স্মিথ। পরপর দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের রানের গতি কিছুটা স্লথ হয়। তবে শেষদিকে হ্যাডিনের ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়া ২০ ওভারে সংগ্রহ করে ১৭৯ রান।
দুটি করে উইকেট পেয়েছেন গেইল, মিলার ও স্মিথ। এছাড়া একটি করে উইকেট নেন স্যামি ও পোলার্ড।
জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানেই সেরা চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারী দল। টেইট ও ন্যানেসের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৪১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যানসেরা বিবেচিত হন অস্ট্রেলিয়ার শন টেইট। দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/সিজি/এএইচএস/২১৫০ ঘ.
bdnews24