২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের শতকেও হার এড়াতে পারেনি

যেমনটা হওয়ার কথা ছিল, ঠিক তেনটাই হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের টেস্ট জীবনের প্রথম শতকও রক্ষা করতে পারেনি বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 10:55 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

হ্যামিল্টন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যেমনটা হওয়ার কথা ছিল, ঠিক তেনটাই হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের টেস্ট জীবনের প্রথম শতকও রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। নিউজিল্যান্ডের কাছে হার মানতে হয়েছে ১২১ রানে। জেতার জন্য ৪০৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৮২ রানে। এর ফলে সিরিজে একটি ম্যাচও জিততে পারলো না বাংলাদেশ। এর আগে হোয়াইট-ওযাশ হয়েছে একদিনের সিরিজে। হেরেছে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচেও। সেডন পার্কে শুক্রবার একমাত্র টেস্টের পঞ্চমদিনের খেলা শুরু করে বাংলাদেশ ৫ উইকেটে ৮৮ রান নিয়ে। আক্ষরিক অর্থেই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে যায় চতুর্থদিনই। জয় চলে যায় নিউজিল্যান্ডের হাতের মুঠোয়। কিন্তু কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন সাকিব। শতকও আদায় করে নেন। তারপরও হার এড়ানোর জন্য তা পর্যাপ্ত ছিল না। সাকিব যখন দিনের খেলা শুরু করেন তখন স্কোর বোর্ডে তার নামের পাশে ছিল শূণ্য। তিনি তার ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন টেস্ট নয়, একদিনের ক্রিকেটের মতো ব্যাট করে। টিম সুথির বলে বোল্ড হওয়ার আগে করেন ঠিক এক শ' রান। ১৮২ মিনিট উইকেটে থেকে খেলেছেন ১২৯ বল। চার মেরেছেন ১৫টি। এছাড়া হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে বল পাঠিয়েছেন তিনবার। সুথির বলটি অফ-স্ট্যাম্পের বাইরে পড়ে অনেকটা সুইং করে ভেতরে ঢুকে সাকিবের স্ট্যাম্প ভেঙ্গে দেয়। সাকিব যে বলটি ব্যাটে খেলার চেষ্টা করেননি তা নয়। খেলেনও। কিন্তু পারেননি। এত ভালো বলে উইকেট না পেলে তাকে সুথির জন্য দুর্ভাগ্যই বলতে হতো। তখন দলের রান ছিল ২৫২। এর আগে সাকিব ও মুশফিকুর রহিম চরম বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন। ইনিংস মেরামতের এই কাজে কিছুটা হলেও সফল হন তারা। দলের সঙ্গে যোগ করেন ৭৯ রান। বিশেষ করে, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিখুঁত টেস্ট ইনিংস খেলার চেষ্টা করেন। মাত্র ২২ রান করলেও বল খেলেছেন ৭১টি। মহমুদুল্লাহ রিয়াদও ভালোই সঙ্গ দেন অধিনায়ককে। ২২৫ রানের মাথায় জিতেন প্যাটেলের বলে ডারেল টাফির হাতে ধরা পড়ার আগে রিয়াদ করেন ৪২। তার ৬৭ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। সাকিব বিদায় নেয়ার পরই নিউজিল্যান্ডের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। নবম ও দশম উইকেটের পতন ঘটে ২৮২ রানের মাথায়। প্রথমে সাজঘরের পথ ধরেন শফিউল ইসলাম (১৩)। আর রুবেল হোসেন হিসেবের খাতা খোলার আগেই আউট হয়ে যান। তখন অপর প্রান্তে সঙ্গীহারা সাহাদাত হোসেন, ১৭ রানে অপরাজিত। ৩৬ বল খেলে দড়ির ওপারে বল পাঠিয়েছেন দু'বার। ছক্কা মেরেছেন একটি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সুথি উইকেট নিয়েছেন তিনটি, ৪১ রানে। এছাড়া দু'টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও প্যাটেল। এজন্য ভেট্টোরি খরচ করেছেন ৮০ রান। প্যাটেল দিয়েছেন ৭৫। ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গুপটিলের শতকের সুবাদে ৭ উইকেটে ৫৫৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে মাহমুদুল্লাহর শতক এবং তামিম ইকবাল ও সাকিবের অর্ধ শতকে বাংলাদেশ করে ৪০৮ রান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৮ রান করে নিউজিল্যান্ড জয়ের জন্য ৪০৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশকে। প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করায় ম্যাচ সেরা হয়েছেন গুপটিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৬৩৩ ঘ.