হ্যামিলটন, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহের জবাবে তামিম ইকবালের ব্যাটে লড়ছে বাংলাদেশ।
৫৫৩ রানে স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর মঙ্গলবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে সফরকারীরা।
৫৬ রানে খেলছেন তামিম, তার সঙ্গী জুনায়েদ সিদ্দিকীর রান ৩। দলের ৭৯ রানের মাথায় ড্যানিয়েল ভেট্টরির বলে টেলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস (২৮)।
কিউইদের প্রথম ইনিংস থেকে এখনো ৪৭০ রান দূরে রয়েছে বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ব্র্যান্ডন ম্যাককুলাম ও মার্টিন গুপটিল তাদের প্রথম দিনের জুটির সঙ্গে আরো ২৩৯ রান যোগ করেন। ফলে বেশকিছু জাতীয় রেকর্ডের সঙ্গী হন এ ব্যাটিং জুটি। ৬ষ্ঠ উইকেট জুটিতে এরা ৩৩৯ রান করেন। তবে অল্পের জন্য এ জুটিতে বিশ্বরেকর্ড ভাঙ্গতে পারেননি। অল্পের জন্য দ্বিশত রানের দেখাও পাননি কেউই।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬৫ রান করার পর পেসার রুবেল হোসেনের সফল এক স্পেলে বিদায় নেন এ দুই ব্যাটসম্যান। ১৮৫ রানে থাকা ম্যাককুলামকে সরাসরি বোল্ড করেন রুবেল। আর দ্বিশতক থেকে মাত্র ১১ রান দূরে থাকা গুপটিলকে উইকেট কিপার মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন এ পেসার।
কিন্তু ম্যাককুলাম ও গুপটিল যা অর্জন করেছেন সেটাও কম নয়। টেস্টে নিউজিল্যান্ডের যে কোনো ব্যাটিং জুটিতে তৃতীয় সর্বোচ্চ রানের কীর্তি গড়েন তারা। আর সহজেই ৬ষ্ঠ উইকেট জুটিতে নতুন কিউই রেকর্ডও অতিক্রম করে যান। সঙ্গে উইকেট কিপার হিসেবে ম্যাককুলামের ব্যক্তিগত রেকর্ডতো রয়েছেই।
ম্যাককুলামের ১৮৫ রানের ইনিংস-ই নিউজিল্যান্ডের কোনো উইকেট কিপারের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিলো ইয়ান স্মিথের। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে তিনি করেছিলেন ১৭০ রান।
স্বাগতিকদের প্রথম ইনিংসে পতন হওয়া ৭ উইকেটের মধ্যে পেসার রুবেল একাই ৫ উইকেট নেন, ১৬৬ রান খরচে।
নিউজিল্যান্ড সফরে এটাই একমাত্র টেস্ট। একমাত্র টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের খেলার প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এমআই/১২১০ ঘ.
bdnews24