কলকাতা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বমূর্তিতে আবির্ভুত হলেন বীরেন্দ্র শেবাগ ও শচীন টেন্ডুলকার। ফলে যা হবার তাই হলো। দক্ষিণ আফ্রিকার বোলারদের উড়িয়ে দিয়ে কলকাতা টেস্টের লাগাম হাতে তুলে নিল ভারত। দ্বিতীয়দিন শেষে রান তুলেছে ৩৪২, ৫ উইকেটে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে ৪৬ রানে। হাতে উইকেট আছে ৫টি।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা রান করেছে ২৯৬।
ইডেন গার্ডেনে ৯ উইকেটে ২৬৬ রান নিয়ে সোমবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে আরো ৩০ রান যোগ করে ওয়েন পার্নেল (১২) জহির খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরার সঙ্গে সঙ্গে থেমে যায় সফরকারীদের ইনিংস। অপর প্রান্তে তখন সঙ্গীহারা মর্নে মর্কেল, ১১ রানে অপরাজিত।
জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালোই করেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ। গম্ভীর দেখে-শুনে ব্যাট করতে থাকলেও বীরেন্দ্র শেবাগ ব্যাট করে যেতে থাকেন আক্রমণাত্মকভঙ্গীতে। ৭৩ রানের মাথায় গম্ভীর (২৫) ও ৮২ রানে মুরালি বিজয় (৭) বিদায় নিলে সফরকারীরা উজ্জীবিত হয়ে ওঠে।
এরপর ধীরে ধীরে তা স্তিমিত হতে থাকে। এক পর্যায়ে মিলিয়ে যায়। কেননা শেবাগ ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন। জুটি বেঁধে দলের সঙ্গে যুক্ত করেন তারা ২৪৯ রান। ৩৩১ রানের মাথায় শেবাগ ফিরে যাওয়ার আগে করেন ১৬৫। তার ১৭৪ বলের ইনিংসে রয়েছে ২৩টি চার ও দু'টি ছক্কা। পল ডুমিনির অফ-স্ট্যাম্পের বাইরের বল উইকেট ছেড়ে বেরিয়ে গিয়ে ড্রাইভ করেন শেবাগ। কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি, উঠে যায় সমান্য। শর্ট-কভারে ঠিকানা খুঁজে পায় ডি ভিলিয়ার্সের হাতে। শেবাগ তার ১৯তম শতকে পৌঁছান মাত্র ৮৭ বলে ১৬টি চার ও দু'টি ছক্কার সাহায্যে।
৩৩৫ ও ৩৩৬ রানের মাথায় টেন্ডুলকার ও সুব্রামনিয়াম বদ্রিনাথ (১) ফিরে যাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে সফরকারীদের শিবিরে। পল হ্যারিসের বলে জ্যাক ক্যালিসের হাতে ধরা পড়ার আগে টেন্ডুলকার করেন ১০৬। তিনি তার ২০৬ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে। অফ-স্ট্যাম্পের বাইরের গুড-লেঙথ ফ্লাইটেড বল বাঁক নিয়ে ভেতরে ঢুকছিল। টেন্ডুলকার চেষ্টা করেন ইনসাইড-আউট ড্রাইভ করতে। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ফার্স্ট স্লিপে ক্যালিসের হাতে জমা পড়ে। টেন্ডুলকার তার ৪৭তম শতকে পৌঁছান ১৯৪ বলে। এরপর অবশ্য সীমানার ওপারে বল পাঠাতে পারেননি তিনি একবারও। এটি ছিল টেন্ডুলকারের চার টেস্টে চার সেঞ্চুরি। পরপর ছয়টি শতক হাঁকানোর রেকর্ড এখনো স্যার ডন ব্র্যাডম্যানের। এছাড়া পরপর পাঁচ ম্যাচে পাঁচ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।
এখন উইকেটে আছেন ভিভিএস লক্ষ্মণ ৯ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান অমিত মিশ্র ১ রানে ব্যাট করছেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন, মর্নে মরকেল, পল হ্যারিস ও পল ডুমিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৪ ঘ.
bdnews24