ব্রিসবেন, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক রিকি পন্টিংয়ের ২৮তম সেঞ্চুরির সুবাদে চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ সিরিজে ৩-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩২৪ করে অস্ট্রেলিয়া। জবাবে ৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।
ব্রিসবেনে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠিয়ে এ ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারী ক্যারিবিয় বোলাররা। অধিনায়ক রিকি পন্টিং প্রথমে টিম পাইনের সঙ্গে ৫০ রানের ও পরে ক্যামেরন হোয়াইটের সঙ্গে শতরানের জুটি গড়লে বড় স্কোরের পথে এগোয় অস্ট্রেলিয়া।
এরপর জেমস হোপসের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৯৮ রান যোগ হলে তিনশো রানের গন্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংসটি খেলেন পন্টিং। এছাড়া হোয়াইট ৬৩ ও হোপস ৪২ রান করেন। ড্যারেন স্যামি ও ডোয়াইন স্মিথ দুটি করে উইকেট নেন।
স্বাগতিকদের বেধে দেয়া বড় ইনিংসকে তাড়া করতে গিয়ে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন উইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। কিন্তু ৫৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে সফরকারীরা। পরে দেওনারায়ণ, পোলার্ড ও স্মিথের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইনিংস। ডগ বলিঙ্গার ও নাথান হরিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সমনে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বলিঙ্গার ও হ্যারিস দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/১৯৪১ ঘ.
bdnews24