নয়া দিল্লি, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দলে ডাক পেয়েছেন রোহিত শর্মা। ভিভিএস লক্ষ্মণ খেলতে না পারলে মাঠে দেখা যাবে তাকে।
বাংলাদেশের বিপক্ষে গত মাসে চট্টগ্রামে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান লক্ষ্মণ। এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
দক্ষিণ আফ্রিকার প্রস্তুতিমূলক ম্যাচে ভারতীয় বোর্ড সভাপতি একাদশের নেতৃত্ব দেন রোহিত। রান করেন মাত্র ২০। তারপরও দলে ডাক পাওয়ায় খুশি। কলকতার টেলিগ্রাফকে তিনি বলেন, "দলে ডাক পাওয়ায় আমার খুব ভালো লাগছে।"
২০০৮ সালে শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম ভারতের টেস্ট দলে ডাক পেলেন রোহিত। সভাপতি একাদশের হয়ে রান না পেলেও দুর্দান্ত খেলেছেন রঞ্জি ট্রফিতে। ৮৭.৮৩ গড়ে রান করেন ৫২৭। এর মধ্যে গুজরাটের বিপক্ষে ৩০৯ রানের অপরাজিত একটি ইনিংসও রয়েছে।
এদিকে বিকেলে লক্ষ্মণকে ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়নি। তবে নেটে ঠিকই দেখা গেছে ব্যাটিং অনুশীলন করতে।
প্রথম টেস্ট শুরু হবে ৬ ফেব্র"য়ারি নাগপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২০ ঘ.
bdnews24