ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন রিকি পন্টিং। তার জায়গায় দলের নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্ক।
সহ-অধিনায়ক করা হয়েছে ব্রাড হাডিনকে।
ক্লার্ক অস্ট্রেলিয়ার ৪৩তম টেস্ট অধিনায়ক। ২০০৮ সাল থেকে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।
পার্থ টেস্টে বাঁ হাতের আঙ্গুল ভেঙ্গে যায় পন্টিংয়ে। যদিও চোটই পন্টিংয়ের দল থেকে বাদ পড়ার একমাত্র কারণ নয়। বেশ কয়েক মাস ধরে রান নেই তার ব্যাটে। মেজাজও ঠিক রাখতে পারছেন না তিনি।
সিরিজের প্রথম চারটি টেস্টের আট ইনিংসে পন্টিংয়ের মোট রান ১১৩।
এদিকে মেলবোর্নে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় পন্টিংয়ের ম্যাচ ফি'র ৪০ শতাংশ কেটে নেয়া হয়।
পন্টিংয়ের বাদ পড়া প্রসঙ্গে ক্লার্ক বলেন, "ম্যাচের দায়িত্ব আমাকে দেয়ায় আমি সম্মানিত বোধ করছি। আশা করি পন্টিং সুস্থ হয়ে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। একদিনের সিরিজে যদি তিনি ফিরতে পারেন তবে সেটা দলের জন্য খুবই ভালো হবে।"
সিডনি টেস্টে অভিষেক হতে পারে উসমান খাজার। আর চোটের কারণে বাদ পড়া রায়ান হ্যারিসের জয়গায় দলে ডাক পেয়েছেন ডোগ বোলিঞ্জার।
সিরিজে ২-১ এ এগিয়ে থেকে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাই সিডনি টেস্ট অমীমাংসিত বা হেরে গেলেও শিরোপা থেকে যাবে তাদের ঘরেই। কারণ অ্যাশেজের হোম সিরিজ জিতে এগিয়ে আছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, ফিলিপ হগ, উসমান খাজা, মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, স্টিভেন স্মিথ, ব্রাড হাডিন, মিচেল জনসন, পিটার সিডল, বেন হিলফেনহস, ডোগ বোলিঞ্জার ও মাইকেল বিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/১৮৫৪ ঘ.
bdnews24