ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কোচির কোচ হতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জিওফ লওসন।
ইএসপিএনক্রিকইনফোকে লওসন বলেন, "খেলোয়াড়দের নিলামের ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আমি ভারত যাচ্ছি।" দুই মৌসুমের জন্য কোচির সঙ্গে তার চুক্তি হতে পারে।
কিন্তু কোচির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
নতুন একটি দল গঠনের সুযোগ পেয়ে লওসন খুশি হয়েছেন বলে জানান। তিনি বলেন, "ভারতে পৌঁছে আমি চুক্তিতে সই করবো।"
এর আগে ১৫ মাস তিনি পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন। লওসনের প্রশিক্ষণে পাকিস্তান প্রথম টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২১৫৯ ঘ.
bdnews24