ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৮৭ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনলো ভারত।
ভারতের বেঁধে দেয়া ৩০৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন বুধবার দ্বিতীয় পালায় ২১৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম পালায় তাদের ২০৫ রানের জবাবে ১৩১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় পালায় ভারত করে ২২৮।
কিংসমিডে ৩ উইকেটে ১১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে আর ২৫ রান যোগ হওয়ার পর বিদায় নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স। ক্যালিসের (১৭) উইকেট নেন শ্রীশান্ত। আর হরভজন সিং নেন ভিলিয়ার্সের (৩৩) উইকেট।
এ অবস্থায় দলের হাল ধরে খেলে যেতে থাকেন অ্যাশওয়েল প্রিন্স। তবে অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। মর্নে মরকেল ২০, ডেল স্টেইন ১০, পল হ্যারিস ৭ ও মার্ক বাউচার ১ রান করে সাজঘরে ফিরে যান।
ফলে দ্বিতীয় সেশনের ঘন্টা খানেকের মধ্যেই জয় তুলে নেয় ভারত। শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকেন প্রিন্স।
শ্রীশান্ত ও জহির খান ৩টি করে উইকেট নেন। এজন্য শ্রীশান্ত দেন ৪৫ রান। জহিরের খরচ হয় ৫৭। এছাড়া হরভজন সিং ২ উইকেট নেন ৭০ রানে।
সেরা খেলোয়াড় হন ভিভিএস লক্ষ্মণ।
তৃতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি কেপ টাউনে। প্রথম টেস্টে এক ইনিংস ও ২৫ রানে হার মানে ভারত।
এই জয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কা কেটে গেছে ভারতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৫ ঘ.
bdnews24