ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোমবার মোহামেডান ৮ উইকেটে জিতেছে বিকেএসপির বিপক্ষে। আবাহনী ৯৮ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। বিমান ৫ উইকেটে হার মেনেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৪৯ ওভার ৫ বলে করে ২০১ রান।
দলের পক্ষে জুপিটার ঘোষ ৮৩, তারিকুল ইসলাম ৩১ ও ইমরুল মুস্তাকিম অপরাজিত ২৮ রান করেন।
মোহামেডানের সাকিব আল হাসান তিন উইকেট নেন ৩৩ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন তারেক আজিজ, ফয়সাল হোসেন ও মুক্তার আলী। এ জন্য তারেকের খরচ হয় ৩২ রান। ফয়সাল দেন ৪২ ও মুক্তার দেন ৬১ রান।
রান তাড়া করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ১৩৫ রানের ওপর ভর করে ৩১ ওভার ২ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ২০২ রান টপকে ২০৪ এ পৌঁছে যায় মোহমেডান।
তামিমের ৮৮ বলের ইনিংসে ১৯টি চার ও ৪টি ছক্কা রয়েছে। এছাড়া সাকিব করেন অপরাজিত ৩৭ ও নাজিমুদ্দিন ২৯।
বিকেএসপির শুভময় সরকার ১ উইকেট নেন ২৪ রানে। অন্য উইকেটটি নেন রিয়াজ মাহমুদ। এ জন্য তার খরচ হয় ৫৩ রান।
বিকেএসপিতে রনি তালুকদারের ১৫৪ রানের সুবাদে আবাহনী ৪ উইকেটে করে ২৮৩।
রনি তার ১৩৩ বলের ইনিংসটি সাজান ১৬টি চার ও ৪টি ছক্কা দিয়ে। এছাড়া লি কার্সডাইন ৬৫ ও যশ পাল সিং করেন অপরাজিত ৩০।
জয়ের লক্ষ্য ২৮৩ রান তাড়া করতে নেমে ওল্ড ডিওএইচএস গুটিয়ে যায় ১৮৫ রানে।
দলের পক্ষে ফরহাদ রেজা ৫৭ রান করেন। বিল্লাল হোসেন করেন ৩৪।
আবহনীর পক্ষে দু'টি করে উইকেট নেন তাপশ বৈশ্য, আবুল হোসেন, সাকলাইন সজিব ও ফরহাদ রেজা।
রাজশাহীতে ৪৮ ওভার ৫ বলে বিমান ২৪১ রানে অল-আউট হয়ে যায়।
দলের পক্ষে মুশফিকুর রহিম ৮০, শফিউল ইসলাম ৫০, বাথাইয়া পেরেরা ৪৫ ও জহুরুল ইসলাম ৩৩ রান করেন।
রান তাড়া করতে নেমে শাহরিয়ার নাফীসের অপরাজিত ১১৪ রানের সুবাদে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। তখনো হাতে ছিল পাঁচ বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩১০ ঘ.
bdnews24