ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডারবানের উইকেট ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমিতে পরিণত হয়েছে। খেলার দ্বিতীয় দিনে মোট ১৮টি উইকেটের পতন ঘটে। দিন শেষে দ্বিতীয় পালায় ৪ উইকেটে ৯২ রান করে ভারত।
ফলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৬৬ রানে এগিয়ে আছে তারা। হাতে আছে ৬ উইকেট। পর্যাপ্ত আলোর অভাবে দিনের খেলা আগেভাগেই শেষ করেন আম্পায়ার।
ভিভিএস লক্ষণ ২৩ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।
ভারতের প্রথম পালায় ২০৫ রানের জবাবে ১৩১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম পালা।
ডারবানের কিংসমিডে ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালোই করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও মুরালি বিজয়।
দলীয় ৪২ রানের মাথায় শেবাগ ৩২ রান করে সাজঘরের পথ ধরেন।
দলের সঙ্গে ১৪ রান যোগ হতে আরো ৩ ব্যাটসম্যান বিদায় নেন। এরা হলেন বিজয় (৯), রাহুল দ্রাবিড় (২) ও শচীন টেন্ডুলকার (৬) রানে আউট হয়ে যান।
এরআগে জহির খান ও হরভজন সিংয়ের মারাত্মক বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মাঠে নামার পর থেকেই শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পড়া।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৩ রান করেন হাশিম আমলা। এছাড়া অ্যালভিরো পিটারসেন ২৪, মার্ক বাউচার অপরাজিত ১৬, অ্যাশওয়েল প্রিন্স ১৩, জ্যাক ক্যালিস ১০ ও মর্নে মরকেল ১০ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে হরভজন ৪ উইকেট নেন ১০ রানে। এছাড়া ৩ উইকেট নেন জহির খান। এ জন্য জহিরের খরচ হয় ৩৬ রান।
সকালে ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু বেশি দূর এগুতে পারেনি তারা। পানি পানের বিরতির আগেই থেমে যায় তাদের পালা। বাকি চার ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ করেন মাত্র ২২ রান।
দক্ষিণ আফ্রিকার বোলারদের দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেন কেবল আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডেল স্টেইনের বলে পিটারসেনের হাতে ধরা পড়ার আগে তিনি তার ২০ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৩৫-এ।
অন্য অপরাজিত ব্যাটসম্যান হরভজন সিং ২১ রান করে ধোনির পথ ধরেন। বাকি দুই ব্যাটসম্যান জহির খান ও শ্রীশান্তসাজঘরে ফেরেন হিসেবের খাতাই না খুলেই। ১ রানে অপরাজিত ছিলেন ইশান্ত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে স্টেইন ৬ উইকেট নেন ৫০ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন লনওয়াবো সটসবে ও মর্নে মরকেল। এ জন্য সটসবের খরচ হয় ৪০ রান। মরকেল দেন ৬৮।
প্রথমদিন সকালে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়।
এছাড়া চা-বিরতি শেষে তিন ওভার খেলার পর পর্যাপ্ত আলোর অভাবে প্রথমদিনে খেলা বন্ধ হয়ে যায়। ফলে খেলা হয় মাত্র ৫৬ ওভার।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি কেপ টাউনে।
তিন টেস্টের সিরিজের সব খেলায় জিততে পারলে ভারতকে টপকে দক্ষিণ আফ্রিকা উঠে যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। বর্তমানে ভারত রয়েছে এক নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৩১ ঘ.
bdnews24