ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিপদ কিছুটা হলেও কাটিয়ে উঠেছে ভারত। ৫৬ ওভারে ৬ উইকেটে রান করেছে ১৮৩।
চা-বিরতি শেষে তিন ওভার খেলার পর পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর দুই আম্পায়ার দিনের খেলার ইতি টানেন।
উইকেটে আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০ রান নিয়ে। অন্য প্রান্তে হরভজন সিং অপরাজিত রয়েছেন ১৫ রানে।
ডারবানের কিংসমিডে রোববার টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে পাঠায় ভারতকে। উইকেটের আদ্রতাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ডেল স্টেইন। ৪৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ (২৫) ও মুরালি বিজয়কে (১৯) সাজঘরে ফেরত পাঠান তিনি।
ভারত মধ্যাহ্ন-বিরতিতে যায় ২ উইকেটে ৭৪ রান নিয়ে।
বিরতির পর দলের সঙ্গে ৭৭ রান যোগ হতেই ফিরে যান আরো চার ব্যাটসম্যান। তারা হলেন শচীন টেন্ডুলকার (১৩), রাহুল দ্রাবিড় (২৫), ভিভিএস লক্ষ্মণ (৩৮) ও চেতেশ্বর পুজারা (১৯)।
এ অবস্থায় হাল ধরেন ধোনি ও হরভজন। তারা দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ২৭ রান।
সকালে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়।
ভারতীয় দলে পরিবর্তন আনা হয়েছে দু'টি। সুরেশ রায়নার বদলে খেলছেন চেতেশ্বর পুজারা। আর আহত গৌতম গম্ভিরের জায়গায় খেলছেন মুরালি বিজয়।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় টেস্ট শুরু হবে ২ জানুয়ারি কেপ টাউনে।
তিন টেস্টের সিরিজের সব খেলায় জিততে পারলে ভারতকে টপকে দক্ষিণ আফ্রিকা উঠে যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। বর্তমানে ভারত রয়েছে এক নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯০২ ঘ.
bdnews24