ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্নে অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টে মাঠে নামলেও স্লিপে ফিল্ডিং করবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।
পার্থে তৃতীয় টেস্টের তৃতীয়দিন সেকেন্ড স্লিপে জনাথন ট্রটের ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে আঙ্গুলে চোট পান পন্টিং। যদিও শেষ পর্যন্ত ক্যাচটি ফেলে দেন তিনি।
চতুর্থদিন আর মাঠে নামেননি পন্টিং। খেলায় অস্ট্রেলিয়া ২৬৭ রানে জেতে। ফলে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে।
৩৬ বছর বয়সী পন্টিং বলেন, সেকেন্ড স্লিপে তিনি ফিল্ডিং করবেন না। বরং বেছে নেবেন অন্য কোনো জায়গা। পন্টিং মূলত সেকেন্ড স্লিপে ফিল্ডিং করে থাকেন।
তার আঙ্গুলের অবস্থা এখন বেশ ভালো বলে জানিয়ে তিনি বলেন, "গত দু'দিন ধরে আমি অনেক সময় ধরে ব্যাট করেছি। অনুশীলন করেছি ফিল্ডিংও। আঙ্গুলের অবস্থা যাচাই করে দেখার জন্য কয়েকটি ক্যাচও ধরেছি।
ইংল্যান্ডের বোলাররা তাকে কি ধরণের বল করতে পারেন? এই প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, "তারা সম্ভবত শর্ট বল করতে পারেন। তবে আমি ঠিক জানি না, কি ধরণের বল করবেন তারা। আসলে তারা যে ধরণের বলই করুক আমি তা মোকাবিলায় প্রস্তুত।"
কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে বলে পন্টিং আশা করছেন কিছুটা হলেও বল বেশি সুইং করবে।
বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর, রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২০ ঘ.
bdnews24