ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নাও নামতে পারেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির।
অনুশীলনের সময় বাম হাতের আঙ্গুলে চোট পান তিনি। জায়গাটি বেশ ফুলে গেছে। তারপরও অনুশীলনে তিনদিনই ব্যাট করেছেন গম্ভির। তবে বেশিরভাগ সময় বরফ দিয়ে বেঁধে রাখা হয় জায়গাটি।
গম্ভির মাঠে নামতে না পারলে তার জায়গায় খেলবেন মুরালি বিজয়। এজন্য নেটে অনেক সময় ধরে অনুশীলন করানো হয়েছে তাকে।
বদলি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মুরালি অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ ভালো খেলেছেন। ব্যাঙ্গালোরে ১৩৯ রান করেন তিনি। ভারতের ২-০ ব্যবধানে টেস্টে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তার।
আট টেস্টে মুরালির গড় ৪২.৪১।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে ভারত।
ডারবানে দ্বিতীয় টেস্ট শুরু হবে রোববার, ২৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৬ ঘ.
bdnews24