ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চান সিরিজে টিকে থাকতে। এজন্য ভরসা করছেন তিনি জহির খানের ওপর।
গ্রায়েম স্মিথ বলেন, "সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে তার দলের ক্রিকেটাররা যেভাবে ভারতকে চেপে ধরেছিলেন, শুরু থেকেই ঠিক সেভাবে ধোনির দলকে আবারো কোণঠাসা করে ফেলতে চান তারা।"
সেঞ্চুরিয়নে এক ইনিংস ও ২৫ রানে হার মানে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও পৌঁছাতে চান স্মিথ। এজন্য অবশ্য তিনটি টেস্টেই জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। বর্তমানে ভারত রয়েছে র্যাঙ্কিংয়ের এক নম্বরে। দুই নম্বরে আছে স্মিথের দল।
ডারবানের কিংসমিড উইকেট থেকে সাধারণত ফাস্ট বোলাররা সহায়তা পেয়ে থাকে বেশি। পেসের পাশাপাশি যথেষ্ট বাউন্সও রয়েছে উইকেটে। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ডেল স্টেইন ও তিন নম্বর মর্নে মরকেল দলে থাকায় কিছুটা হলেও এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু খেলায় বাগড়া দিতে পারে বৃষ্টি। তাই পিচের আচরণ নিয়েও একটা অনিশ্চয়তা রয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, টেস্টের প্রথম ও শেষদিন বৃষ্টি হতে পারে।
বর্ণবাদের কারণে নিষিদ্ধ থাকার পর টেস্ট অঙ্গনে ফিরে কিংসমিডে দক্ষিণ আফ্রিকা খেলেছে ১৮টি টেস্ট। এর মধ্যে জিতেছে ১২টিতে। কিন্তু ২০০৮-০৯ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে ১৭৫ রানে। আর গত মৌসুমে ইংল্যান্ডের কাছে হার মানে এক ইনিংস ও ৯৮ রানে।
অন্যদিকে এটি হবে কিংসমিডে ভারতের তৃতীয় টেস্ট। ১৯৯২-৯৩ মৌসুমে ড্র করেছিল তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু ১৯৯৬-৯৭ মৌসুমে হার মানে ৩২৮ রানে। সেই খেলায় অ্যালান ডোনাল্ড ও শন পোলকের বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। প্রথম পালায় তারা করেন ১০০। আর দ্বিতীয় পালায় মাত্র ৬৬।
জিততে চাইলেও মহেন্দ্র সিং ধোনি অবশ্য স্বীকার করেছেন প্রথম টেস্টে তার দলের ক্রিকেটাররা নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে বোলারদের কথা উল্লেখ করেন। তবে জহির খান দলে ফেরায় বোলিং আক্রমণে উল্লেখ করার মতো পার্থক্য তিনি গড়ে দেবেন বলে আশা করছেন ধোনি।
ধোনি বলেন, জহির তার আক্রমণের চাবিকাঠি। তাকে অভিজ্ঞ বোলার হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার মাথায় সব সময় নতুন নতুন পরিকল্পনা ঘুরপাক খায়। এমনকি, খেলার সময় পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তনও করতে পারেন তিনি।
ব্যাটিংয়ে পরিবর্তন আনা নিয়ে অবশ্য কোনো কথা বলেননি ধোনি। তারপরও বাদ পড়তে পারেন সুরেশ রায়না। কেননা সেঞ্চুরিয়নে পেস ও বাউন্স ঠিকমতো সামাল দিতে পারেননি তিনি।
রায়নাকে বাদ দেয়া হলে মাঠে দেখা যেতে পারে চেতেশ্বর পুজারা কিংবা মুরালি বিজয়কে।
খেলা শুরু হবে ২৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭৩২ ঘ.
bdnews24