ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে সূর্য উঠেছে ডারবানে। তারপরও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে বাগড়া দিতে পারে বৃষ্টি।
তবে কিংসমিডের উইকেটের আচরণ সম্পর্কে আগেভাগে খুব একটা আভাস দিতে রাজি নন প্রধান কিউরেটর উইলসন এনগোবেস।
এই মুহূর্তে উইকেট বেশ সবুজ ও শক্ত। তবে পর্যাপ্ত রোদ পায়নি বলে এনগোবেস মনে করছেন সেঞ্চরিয়নের মতো আচরণ করতে পারে উইকেটটি। সেঞ্চরিয়নের পিচে আদ্রতা থাকায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল টস।
গত এক সপ্তাহে ডারবানে বৃষ্টি হয়েছে পাঁচদিন। আবহাওয়া ভালো ছিল মাত্র দু'দিন, মঙ্গল ও বুধবার। তবে মঙ্গলবার বৃষ্টি না হলেও সূর্যের দেখা মেলেনি।
উইকেট সম্পর্কে এনগোবেস বলেন, "আমি চাই উইকেট থেকে ব্যাটসম্যান ও বোলার, উভয় পক্ষই সুবিধা পাক।" উইকেট অবশ্যই বোলারদের অতিরিক্ত সুবিধা দেবে না বলে জানিয়ে তিনি বলেন, "তবে ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে না পারলে আমার অবশ্য করার কিছুই থাকবে না।"
এনগোবেস বলেন, টেস্ট শুরুর আগে আরো বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি'র আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, শুক্র ও শনিবার ডারবানে হাল্কা বৃষ্টি হতে পারে। আর টেস্টের প্রথমদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আসলে আবহাওয়ার ওপর অনেক কিছুই নির্ভর করছে বলে মনে করেন এনগোবেস। আকাশের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, "ওই 'লোকটির' যদি অন্য পরিকল্পনা থাকে, তাহলে আমার হাতে কোনো উপায় থাকবে না।"
উইকেট থেকে কিছুটা ঘাস ছেটে ফেলার আভাস দেন এনগোবেস। তবে তা মোটেও বেশি নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, "উইকেটে আমি ফাটল দেখতে চাই না।"
ডারবানে শেষ নয়টি টেস্টের আটটিতে ফলাফল হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা হেরেছে কেবল দু'টিতে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়টি শুরু হবে ২৬ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮৩৮ ঘ.
bdnews24