ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্স। তার বদলে স্বাগতিক দলে জায়গা পেয়েছেন নতুন মুখ রিস ইয়াং।
অফ-স্পিনার জিতেন প্যাটেল ও ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকেও বাদ দেয়া হয়েছে ১৩ সদস্যের দল থেকে। টেস্টে দলের নেতৃত্ব দেবেন যথারীতি ড্যানিয়েল ভেট্টোরি।
যদিও পিঠে চোট পাওয়ায় তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না ভেট্টোরি। ২৬ ডিসেম্বর শুরু হবে এই সিরিজ। টেস্ট সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি।
প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ বলেন, "নিউজিল্যান্ড 'এ' দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কয়েক মৌসুম ধরে ভালো খেলায় রিস ইয়াংকে দলে নেয়া হয়েছে।" ভারত সফরে ভালো খেলতে না পারায় বাদ দেয়া হয় গ্যারেথ হপকিন্সকে।
ভেট্টোরির অনুপস্থিতিতে টোয়েন্টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন রস টেলর। দলে নেয়া হয়েছে তিনজন নতুন খেলোয়াড়কে। তারা হলেন ডিন ব্রাউনলাই, লিউক উডকক ও অ্যাডাম মিলনে।
ব্রেন্ডন ম্যাককালামকেও নেয়া হয়েছে টোয়েন্টি-টোয়েন্টি দলে। যদিও পিঠে ব্যাথার কারণে তার খেলার মতো সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে সন্দেহ রয়ে গেছে।
টোয়েন্টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পর পাকিস্তান ও নিউজিল্যান্ড ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এরপর দু'দলই বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসবে উপমহাদেশে।
টেস্ট দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), ব্রেন্ট আরনেল, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যান্ডি ম্যাককে, টিম ম্যাকিন্টোস, জেস রাইডার, টিম সুথি, রস টেলর, কেন উইলিয়ামসন ও রেস ইয়াং (উইকেটরক্ষক)।
টোয়েন্টি-টোয়েন্টি দল: রস টেলর (অধিনায়ক), ডিন ব্রাউনলাই, ইয়ান বাটলার, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, পিটার ম্যাকগ্লাশান (উইকেটরক্ষক), কাইল মিলস, অ্যাডাম মিলনে, জেস রাইডার, টিম সুথি, স্কট স্টাইরিস ও লিউক উডকক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৯৪৮ ঘ.
bdnews24