ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাকি ছিল কেবল জয়ের আনুষ্ঠানিকতা। সোমবার সকালে সেটাই সেরে নিল দক্ষিণ আফ্রিকা। যদিও শচীন টেন্ডুলকার পঞ্চাশতম টেস্ট শতক হাঁকিয়েছেন। তারপরও তার দলকে হার মানতে হয়েছে এক ইনিংস ও ২৫ রানে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করে ভারত প্রথম পালায় ১৩৬ রান করে। জবাবে জ্যাক ক্যলিসের টেস্ট-জীবনের সেরা হার না মানা ২০১ রান এবং হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৬২০ রান তুলে দান ছেড়ে দেয়।
৪৮৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করে ভারতের দ্বিতীয় পালা থেমে যায় ৪৫৯ রানে।
ভারত ৮ উইকেটে ৪৫৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। ৫ ওভার ৫ বলে ৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান শ্রীশান্ত ও জয়দেব উনাদকাত (১)।
শ্রীশান্ত তার আগেরদিনের ৩ রানের সঙ্গে আর কোনো রানও যোগ করতে পারেননি।
টেন্ডুলকার তার ব্যক্তিগত ১০৭ রানের সঙ্গে যোগ করেন কেবল ৪। এরপরই সঙ্গীহারা হয়ে পড়েন তিনি। এই ইনিংসটি তার টেস্ট-জীবনে একটি মাইলফলক হয়ে থাকলেও এর সঙ্গে জড়িয়ে আছে একটা কষ্টও। জয় তো দূরের কথা, ইনিংস ব্যবধানে হার থেকেও তিনি দলকে রক্ষা করতে পারেননি।
ডেল স্টেইন ৩ উইকেট নেন ১০৫ রানে। ২টি করে উইকেট নেন পল হ্যারিস ও মর্নে মরকেল। এজন্য হ্যারিসের খরচ হয় ৮৮ রান। মরকেল দেন ৯৪।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ২৬ ডিসেম্বর ডারবানে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৩৬ ঘ.
bdnews24