ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ১৩৬ রান করেছে তারা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘন্টা পর খেলা শুরু হয়। প্রথম দিনে ৩৮ ওভার ১ বল খেলা হয়েছে।
অধিনায়ক মহেন্দ্র সিং ৩৩ রানে অপরাজিত আছেন।
সেঞ্চুরিয়নে বৃহস্পতিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভেজা মাঠের সুবিধা নিয়ে শুরু থেকেই তান্ডব চালাতে থাকেন দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলাররা। তাদের সামনে একেবারেই অসহায় হয়ে পড়েন ভারতের ব্যাটসম্যানরা।
শুরু করেন ডেল স্টেইন। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগকে হাশিম আমলার ক্যাচে পরিণত করেন তিনি। তখনো রানের খাতা খুলতে পারেননি শেবাগ।
এরপর মরনে মরকেলের জোড়া আঘাতে ফিরে যান গৌতম গম্ভীর (৫) ও রাহুল দ্রাবিড় (১৪)।
এ অবস্থায় লড়াই চালিয়ে যেতে থাকেন শচীন টেন্ডুলকার ও ভি ভি এস লক্ষণ। তবে খুব বেশিক্ষণ তাদের এ প্রতিরোধ টেকেনি। ৭ রান করে লক্ষণ সাজঘরে ফিরে যাওয়ার পর তকে অনুসরণ করেন সুরেশ রায়নাও (১)। জ্যাক ক্যালিসের শিকারে পরিণত হন রায়না। ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৬৭/৫।
ব্যটসম্যানদের আসা যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলে যেতে থাকেন টেন্ডুলকার। শেষ পর্যন্ত ৩৬ রান করে স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে যান।
হরভজন সিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি। ২৫ বলে খেলা ২৭ রানের ইনিংসটিতে তিনি দড়ির ওপারে বল পাঠিয়েছেন পাঁচবার। এর মধ্যে একবার হাওয়ায় ভাসিয়ে।
ইশান্ত শর্মা ও শ্রীশান্ত খালি হাতেই ফিরে যান। বোলার মরকেল।
মরকেল ১২ ওভার ১ বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট পান। আর স্টেইন ১০ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারতের সেরা পেসার জহির খান।
তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩২১ ঘ.
bdnews24