২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থানে ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দুর্দান্ত বোলিংয়ের মুখে সব উইকেট হারিয়ে ২৬৮ রানেই শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দুর্দান্ত বোলিংয়ের মুখে সব উইকেট হারিয়ে ২৬৮ রানেই শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস। পার্থে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজেস (২ রান) সাজঘরে ফিরলে হোঁচট খায় অস্ট্রেলিয়া। ক্রিস ট্রেমলেটের বলে বোল্ড হন তিনি। ১২ রান তোলার পর জেমস অ্যান্ডারসনের একটি বল উঠিয়ে মারেন অধিনায়ক রিকি পন্টিং। সেই বল লুফে নেন পল কলিংউড। দলীয় ১৭ রানের মাথায় পন্টিংয়ের বিদায়ের পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। ৬৯ রান তুলতেই অজিরা হারায় পাঁচ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে মাইকেল হাসি ও ব্রাড হাডিন ৬৮ রান তুলে বিপদ সামলে দলকে কিছুটা এগিয়ে নেন। গ্রায়েম সোয়ানের বলে ম্যাট প্রিয়রের হাতে উইকেট সপে দেয়ার আগে হাসি তুলেন ৬১ রান। ১০৪ বলের ২৪তম অর্ধ-শতকের ইনিংসটি সাজাতে তিনি দড়ির ওপারে বল পাঠান ৯ বার এবং হাওয়ায় ভাসিয়ে একবার। জেমস অ্যান্ডারসনের বলে হাসির পথ ধরার আগে হাডিন ৮০ বল খেলে আদায় করে নেন ৫৩ রান। তার ক্যারিয়ারের এই সপ্তম অর্ধ-শতকে রয়েছে ৬টি চার ও একটি ছক্কার মার। সপ্তম উইকেটে ৫২ রান করে অজিদের আরো খানিকটা এগিয়ে জনসন ও হাডিন। ৯৩ বল খরচায় দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মিচেল জনসন। এটি তার পঞ্চম টেস্ট অর্ধ-শতক। তিনি বাউন্ডারি হাঁকান ৮টি। সঙ্গে রয়েছে একটি ওভার বাউন্ডারিও। পিটার সিডল ছিলেন অপরাজিত। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। জেমস অ্যান্ডারসন ৬১ এবং ক্রিস ট্রেমলেট ৬৩ রান দিয়ে নেন ৩টি করে উইকেট। দু'টি করে উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান ও স্টিভেন ফিন। তারা রান দেন যথাক্রমে ৫২ ও ৮৬। দিনের শেষভাগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২৯ রান। সফরকারীরা ২৩৯ রানে এখনো পিছিয়ে। তবে হাতে আছে সবগুলো উইকেটই। উইকেটে রয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ১২ রান নিয়ে ও অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন অ্যালিস্টার কুক, তার সংগ্রহ ১৭ রান। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচটি ছিল অমীমাংসিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৩৫ ঘ.