২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক থাকছেন ভেট্টোরিই

একদিনের ক্রিকেটে হেরেই চলেছে নিউজিল্যান্ড। তারপরও দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ড্যানিয়েল ভেট্টোরির অধিনায়কত্ব নিয়ে তাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। বরং নিরাপদেই আছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটে হেরেই চলেছে নিউজিল্যান্ড। তারপরও দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ড্যানিয়েল ভেট্টোরির অধিনায়কত্ব নিয়ে তাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। বরং নিরাপদেই আছেন তিনি। তবে ভালো খেলার স্বার্থে দলের 'পারফরম্যান্স' খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পরপর ১১টি একদিনের খেলায় হেরেছে নিউজিল্যান্ড। এর মধ্যে অক্টোবরে বাংলাদেশের কাছে হার মেনেছে ৪-০ ব্যবধানে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেছেন, "ভালো খেলার ব্যাপারে দলকে সহায়তা করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আমাদের আলোচনা ও তা যথাযথভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।" তবে এসব হারের জন্য অধিনায়কত্বকে দায়ী করা যায় না বলে তিনি মনে করেন। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আগে তিনটি স্বাগতিক দেশেই একদিনের খেলায় নিউজিল্যান্ডকে খুবই খারাপভাবে হার মানতে হয়েছে। বাংলাদেশের পর ৫-০ ব্যবধানে হেরেছে ভারতের কাছে। এছাড়া অগাস্টে শ্রীলঙ্কায় ত্রি-দেশীয় প্রতিযোগিতার ফাইনালেও উঠতে পারেনি তারা। এরই মধ্যে গ্রেটব্যাচের বদলে কোচের দায়িত্ব সাবেক অধিনায়ক জন রাইটের হাতে দেয়ার দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। এ প্রসঙ্গে ভন বলেন, দেশের ক্রিকেটামোদীরা নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে রাইটকে দেখতে চান। কেননা তারা তাকে ভালোবাসেন। রাইটের আন্তর্জাতিক রেকর্ড যে বেশ ভালো তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে বলে উল্লেখ করে প্রধান নির্বাহী বলেন, কিন্তু গ্রেটব্যাচ ও অন্যান্যরা যেভাবে দল পরিচালনা করছেন তাতে তারা অসন্তুষ্ট নন। গ্রেটব্যাচ অবশ্য বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা পর্যন্ত কোচের দায়িত্ব পালন করে যেতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে বরখাস্ত করলে নিউজিল্যান্ডের ক্রিকেট যদি এগিয়ে যায় তাহলে আমি তা মেনে নেব। তবে বিশ্বকাপের কথা মনে রেখেই আমি এই দায়িত্ব নিয়েছি।" পাকিস্তান এ মাসেরই শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাবে। দু'টি টোয়েন্টি-টোয়েন্টি, দু'টি টেস্ট ও ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে তারা। এরপরই দেশ দু'টি উপমহাদেশে আসবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭৪৮ ঘ.